গ্যাস সংকট, নিয়ন্ত্রণহীন লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, কথিত ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশালে অবস্থান কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও প্রদান করেন জোটের নেতারা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নগরীর টাউন হল চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অবস্থান শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে যান এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের আমীর অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। তিনি বলেন, ‘‘বর্তমান সময়ে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। একই সঙ্গে অনেক গ্রাহকের হাতে অস্বাভাবিক ও কথিত ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল পৌঁছাচ্ছে, যা জনভোগান্তিকে আরও বাড়িয়ে দিয়েছে।’’
তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে। এসব অনিয়ম বন্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জনগণের দুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় শৃঙ্খলা ও জনস্বার্থ নিশ্চিত করতে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নেরও দাবি জানান।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরের সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা মুহাম্মাদ আতিকুল্লাহ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বরিশাল জেলা সভাপতি মনির হোসাইন, বাংলাদেশ লেবার পার্টি বরিশাল মহানগর সভাপতি সোহেল মাহমুদ, মহানগর কর্মপরিষদের মাওলানা হাবিবুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলা সদস্য সচিব আবু সাইদ খানসহ ১১ দলীয় ঐক্যের অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও দ্রব্যমূল্যের সংকট মোকাবিলায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় জনদাবি আদায়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









