জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া প্রদেশে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ডলফিন।
শনিবার (৮ আগস্ট) ঝড়ের প্রভাবে পাঁচজন আহত হয়েছেন এবং প্রায় ১৪ হাজার ভবনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে ঝড়টি চীনের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাওয়ায় দেশটি বিভিন্ন বন্দর ও ফেরি চলাচল বন্ধ করেছে।
জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার সকালে টাইফুনটি কুমে দ্বীপের প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থান করছিল। ঝড়টি ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার গতিতে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছিল। এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৬২ কিলোমিটার এবং ঝোড়ো বাতাসের গতি উঠেছিল ২১৬ কিলোমিটার পর্যন্ত।
ওকিনাওয়ার পাঁচজন বয়স্ক মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন প্রবল বাতাসে পড়ে গিয়ে আহত হন। ঝড়ের কারণে জাপানের দুই বড় বিমান সংস্থা এএনএ ও জাপান এয়ারলাইনস ওই অঞ্চলের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে।
চীনের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ডলফিন রবিবার রাত থেকে সোমবার ভোরের মধ্যে দেশটির পূর্ব ও দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে। ঝড়ের কারণে ঝেজিয়াং প্রদেশে সর্বোচ্চ মাত্রার সতর্কতা জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে বন্দর ও ১৬২টি ফেরি রুট।
তাইওয়ানেও ৬৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
(রয়েটার্স)


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









