উন্নত জীবনের আশায় লিবিয়ার জুয়ারা শহরের উত্তরে ভূমধ্যসাগরে গত ৬ ফেব্রুয়ারি ৫৫ জন আরোহীবাহী একটি নৌকা ডুবে গেলে দুই শিশুসহ অন্তত ৫৩ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এক বিবৃতিতে এই ভয়াবহ তথ্য নিশ্চিত করেছে।
আইওএম জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধারকারী দল দুইজন জীবিত ব্যক্তিকে উদ্ধার করে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে আইওএম জানিয়েছে, নৌকাটিতে থাকা যাত্রীরা মূলত বিভিন্ন আফ্রিকান দেশের শরণার্থী ও অভিবাসী ছিলেন।
নৌকাটি ৫ ফেব্রুয়ারি রাতে উত্তর-পশ্চিম লিবিয়ার জাওইয়া এলাকা থেকে যাত্রা শুরু করলে প্রায় ছয় ঘণ্টা পর ভূমধ্যসাগরে দুর্ঘটনার শিকার হয়।
আইওএমের মিসিং মাইগ্রান্টস প্রজেক্ট–এর তথ্য অনুযায়ী, ২০২৫ সাল থেকে এখন পর্যন্ত বিপজ্জনক মধ্য ভূমধ্যসাগরীয় পথে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। সর্বশেষ এই দুর্ঘটনার ফলে চলতি বছর এ পথে মৃত বা নিখোঁজ শরণার্থী ও অভিবাসীর সংখ্যা বেড়ে অন্তত ৪৮৪ জনে দাঁড়িয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









