যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার শরীরের হাড়সহ অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে এবং এটি তাকে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন।
বিবিসির নিউজ নাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, “ক্যান্সার হাড়সহ শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে।” তার ভাষায়, এটি অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং বিভিন্ন দিক থেকে শরীরকে দুর্বল করে দেয়।
শুক্রবার (৭ আগস্ট) অনলাইনে প্রকাশিত ভিডিওর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে শনিবার (৮ আগস্ট) হান্টার বাইডেনের সাক্ষাৎকারের বিষয়ে জো বাইডেনের একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।
হোয়াইট হাউস ছাড়ার প্রায় চার মাস পর ২০২৫ সালের মে মাসে বাইডেন জানিয়েছিলেন, তার প্রোস্টেট ক্যান্সারের একটি ‘আক্রমণাত্মক ধরন’ শনাক্ত হয়েছে। সে সময়ই তিনি জানিয়েছিলেন, ক্যান্সার তার হাড়ে ছড়িয়ে পড়েছে।
অক্টোবরে বাইডেনের মুখপাত্র জানিয়েছিলেন, সাবেক প্রেসিডেন্টকে বিকিরণ চিকিৎসা ও হরমোন থেরাপি দেওয়া হচ্ছে।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়ে বাইডেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকাকালে তার শারীরিক অবস্থা ও মানসিক সক্ষমতা নিয়ে নানা আলোচনা হয়।
চলতি বছরের জুনে শিকাগোতে বারাক ওবামার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাইডেন। এর আগে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









