নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ তুলে ভারতের ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে মিছিল করেছেন চাকরিপ্রার্থীরা। এ সময় বিধানসভার কাছাকাছি জগন্নাথপুর মন্দির এলাকায় বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও লাঠিচার্জ ব্যবহার করে। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন।
নিয়োগসংক্রান্ত ১৩টি পরীক্ষা বাতিলের দাবিতে চাকরিপ্রার্থীরা টানা ১৭ দিন ধরে আন্দোলন করছেন। সরকারের সঙ্গে একাধিক দফায় আলোচনা হলেও সমাধান না হওয়ায় সোমবার বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।
আন্দোলনকারীদের দাবি, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) ও স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক সংস্কার করতে হবে। পাশাপাশি নিয়োগ পরীক্ষাগুলো নিয়ে সিবিআই অথবা ভিন রাজ্যের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছেন তারা।
বিক্ষোভ ঘিরে রাজ্যটিতে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার তাদের কণ্ঠরোধ করতে পুলিশি ব্যবস্থা নিয়েছে।
তবে রাজ্যের মন্ত্রী সুদিব্য কুমারের দাবি, চাকরিপ্রার্থীদের অধিকাংশ দাবি সরকার মেনে নিয়েছে। এরপরও বিজেপি রাজনৈতিক সুবিধা নিতে আন্দোলনটিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









