ভারতের উত্তরাখণ্ড রাজ্যে এক নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে ধস নেমে ও পানি ঢুকে অন্তত সাতজন শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন এবং আটকে থাকা এক শ্রমিককে উদ্ধারে কাজ চলছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় রাজ্যের চামোলি জেলার মায়াপুর (পিপলকোটি) এলাকায় টিএইচডিসির মালিকানাধীন বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন টানেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে পৌনে সাতটার দিকে অতিবৃষ্টিজনিত ধসের ফলে হঠাৎ প্রচুর পরিমাণ পানি ও কাদা-ধ্বংসাবশেষ টানেলের ভেতরে ঢোকে। ওই সময় সেখানে মোট ২২ জন শ্রমিক দায়িত্ব পালন করছিলেন। উদ্ধারকারীরা এখন পর্যন্ত ২১ জন শ্রমিককে উদ্ধার করতে পেরেছেন, যার মধ্যে সাতজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পাওয়ার পরপরই এলাকায় উদ্ধার কার্যক্রম শুরু করে উদ্ধারকারী বাহিনীগুলো। ন্যাশনাল ডিস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), স্টেট ডিস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), ভারতীয় সেনাবাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) ও স্থানীয় পুলিশ যৌথভাবে অভিযানে অংশ নিয়েছে।
টানেলের ভেতর জমা পানি নিষ্কাশন ও পলি সরানোর কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। আহত ১৪ শ্রমিককে গোপেশ্বর জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আশঙ্কাজনক অবস্থায় থাকা কর্মীদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে সরানোর প্রস্তুতি রাখা হয়েছে।
চামোলির জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানান, নিখোঁজ থাকা শেষ শ্রমিককে দ্রুত নিরাপদে বের করে আনাই এখন প্রধান লক্ষ্য। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং উদ্ধার কাজ জোরদার করার নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









