‘‘ধারাবাহিক প্রচেষ্টা, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও বাস্তবমুখী জ্ঞানচর্চায় আরও বেশি মনোযোগ দিতে হবে।”– বলেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।
বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভার্চুয়াল ক্লাসরুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত ‘সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মানসম্মত শিক্ষা ও গবেষণা’ শীর্ষক একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল হাসান। এবং সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সায়াদুর রহমান।
সেমিনারে বক্তারা মানসম্মত শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ ও কর্মমুখী মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষক সংকট নিরসনের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব সমস্যা ও শিল্পখাতের চ্যালেঞ্জ নিয়ে গবেষণায় সম্পৃক্ত করা নিয়ে আলোচনা করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তব জীবনের সমস্যা ও শিল্পখাতের চ্যালেঞ্জ নিয়ে গবেষণায় সম্পৃক্ত হতে হবে। একই সঙ্গে মানসম্মত শিক্ষাদান ও গবেষণার পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও কর্মমুখী মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই শিক্ষকদের অন্যতম দায়িত্ব। বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হওয়ায় শুধু গতানুগতিক পড়াশোনা করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যথেষ্ট নয়। কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষতা ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করতে হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









