ডেঙ্গুর বিস্তার ঠেকাতে ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাটবাজার ও আশপাশের জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। একই সঙ্গে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য যেখানে-সেখানে না ফেলার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৯ আগস্ট) সকালে উজিরপুর ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনের সভাকক্ষে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক সভায় এসব কথা বলেন ইউএনও।
সভায় মো. আলী সুজা বলেন, ‘‘ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও আশপাশের জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার রাখতে হবে।’’
তিনি বলেন, ‘‘শিক্ষার্থীরা সমাজের গুরুত্বপূর্ণ পরিবর্তনকারী শক্তি। তাদের মাধ্যমে পরিবার ও আশপাশের মানুষের কাছে পরিচ্ছন্নতার বার্তা সহজেই পৌঁছে দেওয়া সম্ভব। তাই শিক্ষার্থীদের নিজেদের পাশাপাশি অন্যদেরও পলিথিন ও প্লাস্টিক বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে সচেতন করতে হবে।’’
শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখার ওপরও গুরুত্ব দেন ইউএনও। তিনি বলেন, ‘‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই লেখাপড়ার পাশাপাশি তাদের নিয়মিত খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকতে হবে। এতে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত আসক্তি থেকে দূরে থাকা সহজ হবে।’’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা। এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলমসহ সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উজিরপুর প্রেস ক্লাবের আহ্বায়ক সৈয়দ জাহিদ আলম, সদস্য সচিব সরদার সোহেল, সাবেক সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাওছার হোসেন রাড়ী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিদ্যালয় ও আশপাশের পরিবেশ পরিষ্কার করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









