হরমুজ প্রণালির ভেতর দিয়ে একটি ‘অস্থায়ী যৌথ নৌপথ’ চালু করার প্রস্তাব নিয়ে আলোচনা করছে কাতার ও ইরান। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এই জলপথ থেকে মাইন বা সমুদ্রের নিচে পেতে রাখা বিস্ফোরক সরিয়ে ফেলার জন্যও যৌথ উদ্যোগ নেওয়ার কথা ভাবছে দুই দেশ।
আঞ্চলিক উত্তেজনা কমাতে যখন কূটনৈতিক তৎপরতা চলছে, তখন বৃহস্পতিবার এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি ইরানের রাজধানী তেহরানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন। আলোচনায় মূলত উত্তেজনা কমানো এবং সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ তৈরির উপায় নিয়ে কথা হয়।
বৈঠকে একটি সম্ভাব্য ‘অন্তর্বর্তী কাঠামো’ নিয়েও আলোচনা হয়েছে। এর অংশ হিসেবে হরমুজ প্রণালির মধ্য দিয়ে একটি অস্থায়ী যৌথ নৌপথ চালু এবং জলপথ থেকে মাইন সরাতে দুই দেশের যৌথ উদ্যোগের প্রস্তাব রয়েছে।
শেখ মোহাম্মদ বৈঠকে প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব এবং ‘নৌ চলাচলের স্বাধীনতার প্রতি সম্মান জানানোর’ প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উত্তেজনা কমানো এবং সংলাপ এগিয়ে নিতে কাতারের ‘অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার’ প্রশংসা করেন।
কেন গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি?
হরমুজ প্রণালি ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত একটি সরু সমুদ্রপথ। বিশ্বের জ্বালানি বাণিজ্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্য উপসাগর থেকে তেল ও গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছানোর অন্যতম প্রধান পথ এই প্রণালি।
ফলে এই জলপথে কোনো ধরনের অস্থিরতা তৈরি হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকে না; বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যেও তার প্রভাব পড়তে পারে।
তেহরানে আরও বৈঠক
তেহরান সফরের সময় শেখ মোহাম্মদ ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গেও বৈঠক করেন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি, উত্তেজনা কমানোর চেষ্টা এবং আবার সংলাপ শুরু করার উপযুক্ত পরিবেশ তৈরির বিষয় নিয়ে আলোচনা হয়।
শেখ মোহাম্মদ বলেন, কূটনৈতিক পথ আবার সক্রিয় করা জরুরি। মতবিরোধের সমাধান এবং পরিস্থিতির আরও অবনতি ঠেকানোর সবচেয়ে ভালো উপায় হলো ‘সংলাপ’।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, তেহরানে শেখ মোহাম্মদ ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গেও বৈঠক করেছেন।
হরমুজ প্রণালিতে অস্থায়ী নৌপথ চালু ও মাইন অপসারণের প্রস্তাব তাই শুধু একটি নৌ-নিরাপত্তা উদ্যোগ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে আঞ্চলিক উত্তেজনা কমানো, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং কূটনীতির পথে ফিরে আসার বড় চেষ্টা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









