মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সংলাপ ও সমঝোতার মাধ্যমে দুই দেশের সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) তেহরানে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান এসব কথা বলেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহর।
ইরানের প্রেসিডেন্ট বলেন, সংলাপের মাধ্যমে এবং সমঝোতা স্মারকের ভিত্তিতে এগোতে পারলে সমস্যার সমাধান করা সম্ভব হবে। একই সঙ্গে দেশের অধিকারও সুরক্ষিত রাখা যাবে।
তিনি বলেন, “আমরা যদি সংলাপের মাধ্যমে এবং সমঝোতা স্মারকের ভিত্তিতে অগ্রসর হই, তবে আমরা সমস্যার সমাধান করব এবং আমাদের অধিকার সুরক্ষিত করব।”
ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে পেজেশকিয়ান বলেন, দেশ, অঞ্চল ও বিশ্বের স্বার্থে যুক্তরাষ্ট্রের উচিত কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করা। একই সঙ্গে ইসরায়েল যেন নিরাপত্তাহীনতা ও আগ্রাসনের কারণ না হয়, সেই বিষয়েও সতর্ক করেন তিনি।
যুদ্ধের বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরে পেজেশকিয়ান বলেন, তার দেশ যুদ্ধ চায় না। তবে ইরানের ওপর কোনো ধরনের আক্রমণ হলে তার কঠোর জবাব দেওয়া হবে।
তিনি বলেন, “আমরা যুদ্ধ পছন্দ করি না, কিন্তু আমরা আগ্রাসনের বিরুদ্ধে শক্তি নিয়ে রুখে দাঁড়াব এবং নিজেদের রক্ষা করব। নিজেদের ভূখণ্ড রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ একটি ঐক্যবদ্ধ জাতিকে কোনো শক্তিই আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারে না।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









