যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের এক শীর্ষ সামরিক উপদেষ্টা।
বৃহস্পতিবার তিনি বলেন, ইরানের ওপর আবার হামলা হলে যুদ্ধের পরিধি আরও বড় হবে।
ইরানের সর্বোচ্চ নেতার সামরিক বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি এ কথা বলেন। দেশটির সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি তার বক্তব্য প্রকাশ করেছে। তিনি জানান, ইরানের সশস্ত্র বাহিনী বিভিন্ন পরিস্থিতির জন্য পরিকল্পনা তৈরি করে রেখেছে।
![]()
সাফাভি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মনে কী চলছে, তা আমরা জানি না।”
তিনি আরও বলেন, ইরানের স্থাপনা বা জাতীয় স্বার্থে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল আবার হামলা চালালে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যও ইরানি বাহিনী প্রস্তুত আছে। সে ক্ষেত্রে সংঘাতের পরিধি বেড়ে যাবে বলে তিনি সতর্ক করেন।
সাফাভির ভাষায়, “উপসাগর ও হরমুজ প্রণালি থেকে যুদ্ধ এখন লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের পরবর্তী ধাপে এই রণাঙ্গন আরও বিস্তৃত হয়ে ভারত মহাসাগর বা অন্য কোথাও পৌঁছাতে পারে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









