নীলফামারীর সৈয়দপুরে ছয় দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ইসলামী ব্যাংকের বিনিয়োগকারী ও সাধারণ গ্রাহকেরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের দিনাজপুর রোডে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সৈয়দপুর শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ফোরামের আহ্বায়ক মোখলেছুর রহমান, সদস্য রেজওয়ান হাসান, আবুল কালাম ও আব্দুস সালামসহ অন্যরা। বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের মানুষের আস্থার প্রতিষ্ঠান। ব্যাংকটির স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
সমাবেশে ফোরামের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, ব্যাংকের বর্তমান চেয়ারম্যান জহির হোসেনকে পদত্যাগ বা অপসারণ, ইসলামী অর্থনীতি ও ব্যাংকিংয়ে দক্ষ, যোগ্য, সৎ ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন এবং এস আলমের অবৈধভাবে অর্জিত ৮২ শতাংশ শেয়ার ও পাচারকৃত সম্পত্তি বাজেয়াপ্ত করে ব্যাংকের দায় পরিশোধের ব্যবস্থা করা।
এ ছাড়া ব্যাংকের পরিচালনার স্থায়িত্ব নিশ্চিত করতে আগামী দুই বছর কোনো ঊর্ধ্বতন নির্বাহীকে চাকরি থেকে অব্যাহতি না দেওয়া এবং অভিজ্ঞ কর্মকর্তাদের চুক্তিভিত্তিক মেয়াদ নবায়নের দাবি জানানো হয়। একই সঙ্গে ব্যাংকের অভ্যন্তরে সক্রিয় এস আলমের চিহ্নিত দালাল ও সুবিধাভোগী কর্মকর্তাদের শনাক্ত করে বহিষ্কারের দাবিও করেন তারা।
ষষ্ঠ দাবিতে ব্যাংক লুটেরাদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, পাচারকৃত অর্থ উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি মূল উদ্যোক্তা ও আদি মালিকদের কাছে ব্যাংকের মালিকানা হস্তান্তরের ব্যবস্থা এবং সুশাসন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
গ্রাহকদের আমানত ও আর্থিক নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তারা বলেন, ইসলামী ব্যাংকের সঙ্গে বিপুলসংখ্যক মানুষের আর্থিক স্বার্থ জড়িত। তাই গ্রাহকদের আস্থা ও ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









