খাগড়াছড়ির দীঘিনালায় বিভিন্ন এলাকার উন্নয়ন সম্ভাবনা, অবকাঠামোগত সংকট ও জনদুর্ভোগের চিত্র সরেজমিনে দেখতে মাঠে নেমেছেন বিএনপি ও ছাত্রদলের নেতারা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা।
পরিদর্শনকালে সড়ক ও সেতুর অবস্থা, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, যোগাযোগব্যবস্থা এবং নদীভাঙনসহ স্থানীয় বিভিন্ন সমস্যা পর্যবেক্ষণ করেন নেতারা। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দীর্ঘদিনের সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশার কথা শোনেন।
বিশেষ করে কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকায় মাইনী নদীর ভাঙন পরিস্থিতি ঘুরে দেখেন তারা। নদীভাঙনে বসতবাড়ি, কৃষিজমি ও স্থানীয় যোগাযোগব্যবস্থার ওপর পড়া প্রভাব সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে তথ্য নেন। এ সময় ভাঙন রোধে প্রায় ৪০০ মিটার পাড় বাঁধ নির্মাণের প্রস্তাব নিয়েও আলোচনা করা হয়।
পরিদর্শনে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান, জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সহসম্পাদক মো. উজ্জ্বল, জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান বলেন, দীঘিনালার মানুষের বাস্তব সমস্যা ও প্রয়োজনগুলো কাছ থেকে জানতেই বিভিন্ন এলাকা পরিদর্শন করা হচ্ছে। কোথায় সড়ক, সেতু কিংবা নদীভাঙনের সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সংশ্লিষ্টদের কাছে তুলে ধরা হবে। মাইনী নদীর ভাঙন রোধে প্রস্তাবিত ৪০০ মিটার পাড় বাঁধ স্থানীয়দের জন্য গুরুত্বপূর্ণ।
জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ বলেন, নির্বাচনের আগে মানুষের কাছে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই মাঠপর্যায়ের সমস্যা চিহ্নিত করা হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষের দুর্ভোগ সরাসরি দেখার পাশাপাশি তাদের দাবিগুলো শোনা হচ্ছে। এসব বিষয় এমপি ওয়াদুদ ভূঁইয়ার কাছে তুলে ধরে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।
নেতারা জানান, পরিদর্শনে উঠে আসা সমস্যা ও স্থানীয়দের দাবিগুলো পর্যায়ক্রমে সংশ্লিষ্ট মহলে তুলে ধরা হবে। বিশেষ করে যোগাযোগব্যবস্থা ও নদীভাঙনসহ জরুরি সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









