এক সপ্তাহের অস্থিরতার পর আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে অপরিশোধিত তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা এবং সৌদি আরবে হুথিদের হামলা ঘিরে তৈরি পরিস্থিতির প্রভাবে শুক্রবার তেলের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গ্রিনিচ মান সময় অনুযায়ী শুক্রবার রাত ১২টা ৩২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৭৪ সেন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৫ ডলারে নেমে আসে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবহৃত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৮৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৮০ ডলারে দাঁড়ায়।
এর আগে বৃহস্পতিবার তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা যায়। দিনের একপর্যায়ে ব্রেন্ট ও ডব্লিউটিআই—দুই ধরনের অপরিশোধিত তেলের দামই প্রায় ৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। দিন শেষে ব্রেন্টের দাম ৩ দশমিক ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে লেনদেন শেষ করে।
বৃহস্পতিবারের লেনদেনে ব্রেন্টের দাম ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। তবে সামগ্রিকভাবে ডব্লিউটিআইয়ের বাজারে সাম্প্রতিক সময়ে নিম্নমুখী প্রবণতা ছিল। আগের ছয় কার্যদিবসে এর দাম ১৩ শতাংশ কমেছিল।
চলতি সপ্তাহে এখন পর্যন্ত ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৪২ শতাংশ কমেছে। বিপরীতে একই সময়ে ব্রেন্টের দাম ২ দশমিক ০৯ শতাংশ বেড়েছে।
মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা সাম্প্রতিক সময়ে তেলের বাজারে ব্যাপক ওঠানামা তৈরি করেছে। সৌদি আরবের তেল সরবরাহের বিকল্প পথ এবং হুথিদের সঙ্গে সংঘাতও বাজারের দামের ওপর চাপ তৈরি করছে।
সূত্র: রয়টার্স


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









