কুষ্টিয়া সীমান্তে পরিচালিত পৃথক তিনটি বিশেষ অভিযানে ১৮ লাখ ৫১ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মদ, অবৈধ ট্যাবলেট ও বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর দিনগত রাত ১১টা ১৫ মিনিটে ৪৭ বিজিবি’র চিলমারী বিওপির একটি চৌকস টহল দল চিলমারী সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘আলিমডোবা মাঠ’ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৩৬০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ২২ হাজার ৮০০ টাকা।
একই রাতে রাত ১১টা ৩০ মিনিটে কাজিপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৪৫/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে ‘মন্ডল পাড়া মাঠ’ এলাকায় অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪ বোতল ভারতীয় মদ এবং ৩ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ২১ হাজার টাকা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে ধর্মদাহ বিওপির টহল দল সীমান্ত পিলার ১৪৭/৯-এস থেকে ২০০ গজ ভেতরে ‘ধর্মদাহ মাঠ’ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৭ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও এলাকার জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই ধরনের জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









