নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ বোতল (১৮০ লিটার) বিদেশি মদসহ ছয়জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকার জব্দ করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঘোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট চুঙ্গির পাড় এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- হবিকুল (২৫), রুবেল হাসান (২৯), রাকিব (২২), মো. মিজানুর রহমান (২৮), ফারুক মিয়া (২৮) ও নূর ইসলাম হোসেন সবুজ (২৭)।
এসআরবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মদ বহনের খবর পেয়ে মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি প্রাইভেটকার সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে সেটির গতিরোধ করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০০ বোতল বিদেশি মদ উদ্ধার ও ছয়জনকে আটক করা হয়।
এসআরবির দাবি, জিজ্ঞাসাবাদে আটকরা সিলেট থেকে ঢাকার দিকে মদ পরিবহনের কথা জানিয়েছেন। বিভিন্ন জেলা থেকে মদ সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রির সঙ্গে তারা জড়িত বলেও জানিয়েছে সংস্থাটি।
রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, “এসআরবির অভিযানে মাদকসহ ছয়জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। আটক আসামি ও জব্দ আলামত হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









