কাতার নিশ্চিত করেছে, যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান করছে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ‘‘কাতারের মধ্যস্থতার প্রচেষ্টা চলছে।’’
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ শেষ করার মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান করছে বলে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জানিয়েছে কাতার।
দোহায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ‘‘কাতারের মধ্যস্থতার প্রচেষ্টা চলমান রয়েছে। আমরা বর্তমানে মার্কিন ও ইরানি পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান করছি।’’
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বড় আকারের সামরিক হামলার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘‘অঞ্চলে যেকোনো ধরনের উত্তেজনা বৃদ্ধিতে আমরা উদ্বিগ্ন এবং শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে কাজ করছি।’’
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। জবাবে ইরান অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের স্থাপনা ও সম্পদে হামলা চালায়। পরে এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তি হয়।
এরপর জুনে ওয়াশিংটন ও তেহরান শত্রুতা বন্ধ এবং হরমুজ প্রণালিতে নৌচলাচল অব্যাহত রাখতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। তবে এই কৌশলগত জলপথের নিরাপত্তা নিয়ে মতভেদের কারণে চুক্তি বাস্তবায়ন থমকে গেছে। এদিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছেই।
সূত্র: আনাদোলু


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









