চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোলজি বিভাগে যুক্ত হয়েছে ইলেকট্রোমায়োগ্রাফি (ইএমজি) মেশিন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন।
নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুর রহিম। সমাজসেবী অহিদুল আলমের ব্যক্তিগত উদ্যোগে মেশিনটি দেওয়া হয়েছে।
মেশিনটির মাধ্যমে মাংসপেশি ও স্নায়ুর বিভিন্ন জটিলতা শনাক্ত করা যায়। হাত-পা অবশ হয়ে যাওয়া, রগে টান, মেরুদণ্ডের সমস্যায় পা অবশ হওয়া ও মাংসপেশির দুর্বলতার মতো রোগ নির্ণয়ে এটি ব্যবহার করা হবে।
অধ্যাপক ডা. হাসানুজ্জামান বলেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও নিউরোলজি বিভাগে প্রতিদিন প্রায় ৩০-৪০ জন রোগীকে সেবা দেওয়া হচ্ছে। সক্ষমতার তুলনায় রোগীর চাপ দুই থেকে তিন গুণ বেশি। পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় অনেক রোগী মেঝে, বারান্দা ও করিডরে অবস্থান করেন। বিশেষ করে স্ট্রোক রোগীদের চিকিৎসায় চিকিৎসকেরা ঝুঁকি নিয়ে কাজ করছেন।
তিনি বলেন, ইএমজি মেশিনটি রোগ নির্ণয়ের পাশাপাশি চিকিৎসা শিক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চমেকের নিউরোলজি বিভাগ থেকে ইতোমধ্যে প্রায় ৬৫-৭০ জন চিকিৎসক এমডি সম্পন্ন করেছেন। নতুন মেশিনটি তাঁদের দক্ষতা বাড়াতে সহায়তা করবে।
চট্টগ্রামে নিউরো-ইন্টারভেনশন সেবা চালুর উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, বড় ধরনের স্ট্রোকের ক্ষেত্রে মেকানিক্যাল থ্রম্বেকটমি ও ক্যারোটিড স্টেন্টিংয়ের মতো চিকিৎসা প্রয়োজন হয়। এসব সেবার জন্য বর্তমানে অনেক রোগীকে ঢাকায় যেতে হয়। স্ট্রোকের চিকিৎসায় সময় গুরুত্বপূর্ণ হওয়ায় চট্টগ্রামেই এ সুবিধা চালু হলে মানুষের জীবন রক্ষায় তা সহায়ক হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









