চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্দোলনে ‘বহিরাগত’দের অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের সংখ্যা বাড়িয়ে দেখানোর অভিযোগের প্রতিবাদে মুখোশ পরে ও হাতে শিক্ষার্থী পরিচয়পত্র নিয়ে মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের অষ্টম দিনে এ কর্মসূচি পালন করা হয়।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা মুখোশ পরার পাশাপাশি নিজেদের শিক্ষার্থী পরিচয়পত্র উঁচিয়ে ধরেন।
আন্দোলনকারীরা জানান, আন্দোলনে বহিরাগতদের অংশগ্রহণের অভিযোগ এবং শিক্ষার্থীদের সংখ্যা বাড়িয়ে দেখানোর দাবি ওঠার পর নিজেদের পরিচয় স্পষ্ট করতেই এভাবে পরিচয়পত্র প্রদর্শন করা হয়েছে।
অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের ৫৬ দিন স্মরণে এদিন ‘মুখোশ মিছিল’ করেন শিক্ষার্থীরা। এটি তাকে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের অষ্টম দিনের কর্মসূচির অংশ।
শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র সংলগ্ন সড়ক দিয়ে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া পুরকৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মারজুকা চৌধুরী মাহিরা বলেন, “আমরা চুয়েট শিক্ষার্থীরা অষ্টম দিনের মতো শহীদ মিনারে সমবেত হয়েছি। সায়েম স্যারকে ভিসি হিসেবে পুনর্বহালের জন্য আজ আমরা মুখোশ মিছিলের আয়োজন করেছি। সরকারের কাছে আমাদের একটি বার্তা—আমরা ভিসি হিসেবে সায়েম স্যারকে চাই।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









