পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি উপজেলার শাপলা চত্বর থেকে শুরু হয়।
মিছিলটি মধ্যমপাড়া রাস্তার মুখ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শাপলা চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশের সঞ্চালক রহমত উল্লাহ খাজা বলেন, ‘‘দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’’ কোনো ধরনের উসকানি বা নৈরাজ্য যাতে জনজীবনে প্রভাব ফেলতে না পারে, সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে সাংগঠনিক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা বলেন, ‘‘দেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’’ কেউ গোপনে বা প্রকাশ্যে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের ত্যাগ ও দুর্ভোগের কথা স্মরণ রাখার আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু বলেন, ‘‘দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর বিএনপি আজ জনগণের পাশে রয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার কোনো ধরনের অপচেষ্টা জনগণ ও রাজনৈতিক দলগুলোর জন্য উদ্বেগের বিষয়।’’ এ ধরনের পরিস্থিতিতে বিএনপির নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সাংগঠনিকভাবে মোকাবিলা করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গত ১৭ বছরে দলের নেতাকর্মীদের ওপর নিপীড়ন-নির্যাতনের কথা তুলে ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভা শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর উদ্দিন রাজুর সুস্থতা কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









