দেশে ডিজেলের উৎপাদন চাহিদার চেয়ে বেড়ে গেলে রপ্তানি নিষেধাজ্ঞা আংশিক শিথিল করার কথা বিবেচনা করবে রাশিয়া।
শুক্রবার (২ অক্টোবর) দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এ কথা জানিয়েছেন।
রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষে তিনি বলেন, বর্তমানে দেশের ডিজেল বাজারে ভারসাম্য রয়েছে এবং সরবরাহও পর্যাপ্ত। তবে পরিস্থিতি পরিবর্তন হলে সরকার রপ্তানি আংশিকভাবে আবার চালুর বিষয়টি বিবেচনা করবে।
ইউক্রেনের হামলায় রাশিয়ার কয়েকটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এ কারণে রাশিয়া চলতি সপ্তাহে জ্বালানি উৎপাদনকারীদের জন্য ডিজেল রপ্তানির নিষেধাজ্ঞা অক্টোবরের শেষ পর্যন্ত বাড়িয়েছে। রপ্তানি সীমিত করার আগে যুক্তরাষ্ট্রের পর রাশিয়াই ছিল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিজেল রপ্তানিকারক। নিষেধাজ্ঞার ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ আরও চাপে পড়েছে।
নোভাক বলেন, রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের ড্রোন হামলার পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ। তার ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে রাশিয়ার চারটি তেল শোধনাগারে হামলা ঠেকানো হয়েছে। এর মধ্যে একটি স্থাপনায় ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
তিনি আরও বলেন, প্রতিরক্ষাব্যবস্থা জোরদার করায় সাম্প্রতিক হামলায় শোধনাগারগুলোর ক্ষয়ক্ষতি আগের তুলনায় কম হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি মেরামত করে দ্রুত উৎপাদনে ফেরানো সম্ভব হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









