জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি দাবি করেছেন, তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি, বরং অপহরণ করা হয়েছিল।
রবিবার (১১ অক্টোবর) ভোরে গুরুগ্রাম পুলিশের কাছ থেকে মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় এ অভিযোগ করেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা যন্তর মন্তরের বিক্ষোভে যোগ দেওয়ার আগে শনিবার (১০ অক্টোবর) ভোরে গুরুগ্রাম পুলিশ ধ্রুব রাঠিকে আটক করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ধ্রুব রাঠি লেখেন, ‘আমাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, অপহরণ করা হয়েছিল।’
তিনি বলেন, ‘বিক্ষোভে অংশ নিতে গেলে হয়তো তাকে আটক করা হতো। কিন্তু তিনি যখন ঘুমিয়ে ছিলেন, তখন সাধারণ পোশাক পরা একদল লোক তাকে অপহরণ করে।’
ধ্রুব রাঠির অভিযোগ, ঘটনার আকস্মিকতায় তিনি পরে জানতে পারেন, তার বাড়ির বাইরে ৫০ জনের বেশি লোক অবস্থান করছিল। তাকে কোনো সুযোগ না দিয়েই অপরাধীর মতো বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে নিয়ে যাওয়া হয়।
প্রতিবেদন অনুযায়ী, রাত ৩টার দিকে ধ্রুব রাঠিকে মুক্তি দিয়ে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এদিকে ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপক, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও মুক্তি দিয়েছেন আদালত। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রবিবার সকালে দিল্লি ক্যান্টনমেন্ট এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাদের মুক্তির নির্দেশ দেন।
এর আগে শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লি বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর থেকে তাদের আটক করা হয়েছিল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









