যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির ঐতিহাসিক পরাজয় ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা। টেক্সাস ও কানসাসের মতো ঐতিহ্যগতভাবে রিপাবলিকান-প্রধান রাজ্যেও বড় জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। অন্যদিকে আবদুল এল-সায়েদ প্রথম মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম এই ফলাফলকে ‘ব্লু সুনামি’ এবং ট্রাম্পের রাজনৈতিক বিপর্যয় হিসেবে বর্ণনা করেছে।
তেহরানে এই নির্বাচনী ফলাফলকে দেখা হচ্ছে ট্রাম্প প্রশাসনের বড় রাজনৈতিক পরাজয় এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপের মুখে ইরানের প্রতিরোধের সাফল্য হিসেবে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, যুদ্ধক্ষেত্র ও হরমুজ প্রণালিতে ইরান ট্রাম্পকে কৌশলগত পরাজয় দিয়েছে, আর ওয়াশিংটনে দিয়েছে রাজনৈতিক পরাজয়।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও যুদ্ধের রাজনৈতিক মূল্য নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের উদ্বেগের সঙ্গে একমত হয়েছেন বলে মনে হয়। ভ্যান্সকে উদ্দেশ করে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র যখন ‘ইসরায়েল ফার্স্ট’ নীতির কারণে বিপজ্জনক পরিস্থিতির দিকে যাচ্ছে, তখন প্রশাসন যুদ্ধের পরবর্তী পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে। তিনি ভ্যান্সকে সরাসরি তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাকে এই প্রশ্ন করার আহ্বান জানান।
আসলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ২০২৫ ও ২০২৬ সালের সামরিক অভিযানের পর থেকেই আমরা সতর্ক করে আসছিলাম, এই যুদ্ধ আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াবে, বিশ্ব জ্বালানিবাজারে বিপর্যয় সৃষ্টি করবে এবং সাধারণ মার্কিন নাগরিকদের অর্থনৈতিক চাপ বাড়াবে। একই সঙ্গে এটি নতুন যুদ্ধে না জড়ানোর ট্রাম্পের প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করবে এবং যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের আঞ্চলিক সংঘাতের আরও গভীরে টেনে নেবে। দুর্ভাগ্যজনকভাবে ওয়াশিংটন এসব সতর্কবার্তায় যথেষ্ট গুরুত্ব দেয়নি।
সংঘাত না কূটনীতির সুযোগ
তবে নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় মানেই যে ইরানের সঙ্গে শান্তি আলোচনার সম্ভাবনা বেড়ে গেছে, তা নয়। বরং সামনে দুটি বিপরীত পথ খোলা রয়েছে।
প্রথম পথ হলো নির্বাচনী পরাজয়ের রাজনৈতিক ক্ষত ঢাকতে সামরিক বিজয়ের চেষ্টা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যেই ইরানের সরকার উৎখাতের পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁর দাবি, ইরানের হুমকি স্থায়ীভাবে দূর করার একমাত্র উপায় দেশটির সরকার পরিবর্তন। এমনকি তিনি দাবি করেছেন, ট্রাম্প তাঁকে বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধের কাজ শেষ করতে প্রস্তুত।
নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের কট্টরপন্থীদের চাপে ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারেন। কিন্তু এই কৌশলের ভিত্তি একটি বিপজ্জনক ধারণা—আগের দুই বছরের সামরিক অভিযান যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে আরও বেশি শক্তি প্রয়োগ করলেই লক্ষ্য অর্জিত হবে।
নতুন অভিযান ইরানের ভয়াবহ পাল্টা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। বিপন্ন হতে পারে জ্বালানি সরবরাহ, অস্থিতিশীল হয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্ররা এবং যুদ্ধ গড়াতে পারে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত। এতে রিপাবলিকানদের রাজনৈতিক সংকট কমার বদলে আরও বাড়তে পারে।
দ্বিতীয় পথটি হলো নির্বাচনী বিপর্যয়কে একটি ঐতিহাসিক কূটনৈতিক সুযোগে পরিণত করা। এ ক্ষেত্রে ‘ইসলামাবাদ প্লাস’ নামে একটি কাঠামো বিবেচনা করা যেতে পারে। এর দুটি প্রধান ভিত্তি থাকবে। প্রথমত, পাকিস্তানের মধ্যস্থতায় চলতি বছরের শুরুতে সম্পাদিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক পুনরুজ্জীবিত ও সম্প্রসারণ করা। দ্বিতীয়ত, আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতার একটি নতুন ব্যবস্থা গড়ে তোলা।
এই উদ্যোগের আওতায় ইরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা, যুক্তরাষ্ট্রের সামুদ্রিক অবরোধ প্রত্যাহার এবং অন্যান্য নিরাপত্তা ও অর্থনৈতিক বিরোধের সমাধান খুঁজতে হবে। পাশাপাশি পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, মিসর, কাতার ও ওমানের মধ্যস্থতায় একটি অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা যেতে পারে।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি ইতিমধ্যে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের সহযোগিতা, সার্বভৌমত্ব ও পারস্পরিক নিরাপত্তার ভিত্তিতে একটি কাঠামো তৈরির আহ্বান জানিয়েছেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদিও উপসাগরীয় আরব দেশগুলো, ইরাক ও ইরানকে একটি অভিন্ন অনাক্রমণ চুক্তির আওতায় আসার প্রস্তাব দিয়েছেন।
এ ধরনের সমঝোতা জ্বালানিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে, মূল্যস্ফীতির চাপ কমাতে এবং নতুন করে আঞ্চলিক ধ্বংসযজ্ঞ ঠেকাতে সাহায্য করতে পারে। একই সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধানের জন্যও অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। ট্রাম্পের সামনে তাই একটি ঐতিহাসিক সুযোগ রয়েছে—আরেকটি যুদ্ধের পরিবর্তে কয়েক দশকের যুক্তরাষ্ট্র-ইরান বৈরিতার অবসানে ভূমিকা রাখা। এই কূটনৈতিক উদ্যোগে ভ্যান্স নেতৃত্ব দিতে পারেন।
তেহরানের কঠিন সিদ্ধান্ত
ইরানের অভ্যন্তরেও যুদ্ধ ও শান্তি নিয়ে মতভেদ রয়েছে। এক পক্ষ মনে করে, যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত কৌশলগত পরাজয়ের মুখে না ফেলা পর্যন্ত সংঘাত চালিয়ে যেতে হবে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রকে অঞ্চল থেকে সামরিক উপস্থিতি প্রত্যাহার করতে হবে এবং নেতানিয়াহুর বৃহত্তর ইসরায়েল প্রকল্প পরিত্যাগ করতে হবে।
এই অবস্থানের সমর্থকদের কেউ কেউ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে গিয়ে পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষেও মত দিচ্ছেন। তাঁদের যুক্তি, কয়েক দশক ধরে চুক্তির সদস্য থাকা, পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে ধর্মীয় অবস্থান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা—কোনোটিই ইরানকে নিষেধাজ্ঞা, নাশকতা কিংবা শেষ পর্যন্ত সামরিক হামলা থেকে রক্ষা করতে পারেনি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির সদস্য ইব্রাহিম রেজায়ি জানিয়েছেন, এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ১০টি প্রস্তাব জমা পড়েছে।
তবে তেহরানের নীতিনির্ধারণী মহলের ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইরান এখনো আলোচনার মাধ্যমে সমাধান চায়। কিন্তু কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেও বারবার মার্কিন সামরিক হামলা এবং ইসলামাবাদ সমঝোতার ভেঙে পড়া ভ্যান্সের শান্তি উদ্যোগের প্রতি দেশটির আস্থা দুর্বল করেছে।
কোনো সমঝোতা না হলে যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে ইরান সংঘাতকে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী প্রায় তিন দশক ধরে মেনে চলা দুই হাজার কিলোমিটারের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লাসীমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও সতর্ক করেছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালালে ইরানের পাল্টা জবাবের কোনো ভৌগোলিক সীমা থাকবে না।
কিন্তু দীর্ঘস্থায়ী যুদ্ধ ইরানের অর্থনীতিকে বিপর্যস্ত করবে, মানুষের দুর্ভোগ বাড়াবে এবং প্রতিবেশী দেশগুলোকেও বিপদের মুখে ফেলবে। পারমাণবিক অস্ত্র তৈরির উদ্যোগও কার্যকর প্রতিরোধব্যবস্থা গড়ে ওঠার আগেই নতুন সামরিক হামলার ঝুঁকি তৈরি করতে পারে। তাই ইরানের প্রধান জাতীয় অগ্রাধিকার হওয়া উচিত স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটানো এবং অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা।
এ জন্য ওয়াশিংটন ও তেহরানকে একটি মৌলিক সত্য মেনে নিতে হবে: টেকসই সমঝোতা হতে হবে সম্মানজনক ও উভয় পক্ষের জন্য লাভজনক। কোনো পক্ষই নিঃশর্ত আত্মসমর্পণ মেনে নেবে না। অপমান, চাপ কিংবা একতরফা ছাড়ের ভিত্তিতে তৈরি চুক্তি ভবিষ্যতের আরেকটি সংঘাতের বীজ বপন করবে।
ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে ১৯৭০-এর দশকে মার্কিন জনমত, ২০০৬ সালে ইরাক যুদ্ধের মধ্যে রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয় এবং দুই দশক পর ইরান যুদ্ধ—ইতিহাস বারবার দেখিয়েছে, দীর্ঘ সামরিক সংঘাতের রাজনৈতিক মূল্য ওয়াশিংটনকে দিতে হয়।
মার্কিন জনগণ আরেকটি অন্তহীন যুদ্ধ চায় না। সামরিক শ্রেষ্ঠত্ব মানেই কৌশলগত বিজয় নয়। ট্রাম্প ও তেহরানের সামনে এখন দুটি পথ—আরও সংঘাত, অথবা কূটনৈতিক সমাধান। দুই দেশের সবচেয়ে বড় বিজয় হবে না একে অন্যকে সামরিকভাবে পরাজিত করা কিংবা অপমানিত করা। প্রকৃত বিজয় হবে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, যা কয়েক দশকের বৈরিতার অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও সহযোগিতার নতুন যুগের সূচনা করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









