সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে দেশে অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ উঠেছে। ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে এবং ঢাকা ও আরো ছয় জেলায় অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে। গোপালগঞ্জে সশস্ত্র হামলায় পুলিশ ও সেনা সদস্যসহ সহিংসতার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিদেশে অবস্থানরত কিছু নেতার আর্থিক মদদ ও নির্দেশনায় দেশে এসব নাশকতামূলক কর্মকাণ্ড ও ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে।
নাশকতা ঠেকাতে পুলিশ মহাপরিদর্শক দেশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ক্ষমতাসীন দল বিএনপি রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করতে ডিসেম্বর জুড়ে মাঠে সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছে। একদিকে আইসিইউতে কাতরাচ্ছে ১৪ বছরের শিশু, অন্যদিকে হাসপাতালের বাইরে সন্তানের সুস্থতার জন্য প্রার্থনা করছেন মা। নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত আজিজুল ইসলাম সিয়ামের মা সোনিয়া আক্তারের কান্না যেন নাশকতার ভয়াবহতারই প্রতিচ্ছবি। সন্তানের জন্য মায়ের এই অসহায় আর্তনাদ মনে করিয়ে দেয়- রাজনৈতিক সংঘাত ও সহিংসতার আগুন শেষ পর্যন্ত সবচেয়ে বেশি পুড়িয়ে দেয় নিরপরাধ মানুষকেই।
রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউর সামনে ছেলের জন্য দোয়া করতে দেখা যায় সোনিয়া আক্তারকে। তিনি সন্তানের সুস্থতার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিলেন। ফতুল্লার সাইনবোর্ড এলাকার ওই অগ্নিকাণ্ডে ধোঁয়ায় অসুস্থ ও আহত আজিজুলসহ ৬৩ শিক্ষার্থীকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। একটি মাদ্রাসায় শিশু-কিশোরদের এমন দুর্ঘটনার শিকার হওয়ার ঘটনা নিঃসন্দেহে উদ্বেগজনক। আগুন, বিস্ফোরণ ও সহিংসতার মতো ঘটনায় সাধারণ মানুষের জীবন যখন অনিরাপদ হয়ে পড়ে, তখন তা কোনোভাবেই একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক চিত্র হতে পারে না। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, হামলা, সড়ক অবরোধ ও নাশকতার মতো একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। একই সঙ্গে নতুন করে শ্রমিক বিক্ষোভ ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি ও তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে কয়েকটি কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ হয়। জামগড়া ও নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকদের কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে শ্রমিকেরা বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় দুই পোশাকশ্রমিক আহত হন। এদিকে, নেত্রকোনার মোহনগঞ্জে আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের একটি বগির অন্তত চারটি আসন পুড়ে যায়। ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ডে পার্ক করা একটি লোকাল বাসে আগুন দেওয়ার ঘটনায় ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচান শেখের মৃত্যু হয়েছে। নওগাঁ শহরের বাইপাস এলাকার গাবতলী মোড়েও দাঁড়িয়ে থাকা আল বারাকা পরিবহনের দুটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শরীয়তপুরের জাজিরায়ও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে নানা স্লোগান দিয়ে লগি-বৈঠা হাতে পদ্মাসেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
এসব ঘটনায় জননিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। দাবি আদায়ের জন্য আন্দোলন, সভা-সমাবেশ ও প্রতিবাদ গণতান্ত্রিক অধিকারের অংশ। কিন্তু সেই আন্দোলনের সঙ্গে যখন অগ্নিসংযোগ, বিস্ফোরণ, ভাঙচুর কিংবা মানুষের জীবনহানির ঘটনা যুক্ত হয়, তখন তা আর স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচির মধ্যে থাকে না। এ ধরনের কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশ ও জননিরাপত্তা উভয়ের জন্যই ক্ষতিকর।
বাংলাদেশ বর্তমানে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব দেশের ওপরও রয়েছে। এমন পরিস্থিতিতে অর্থনীতি সচল রাখা, কর্মসংস্থান বাড়ানো, বিনিয়োগ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। রাজনৈতিক সহিংসতা ও নাশকতা সেই স্থিতিশীলতাকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে। সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো সাধারণ মানুষের মধ্যে অতীতের ভয়াবহ অভিজ্ঞতার স্মৃতি ফিরিয়ে আনছে।
গণপরিবহনে আগুন, সড়কে বিস্ফোরণ কিংবা জনবহুল এলাকায় সহিংসতার ঘটনা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। সবচেয়ে বড় কথা, এসব ঘটনায় রাজনৈতিক কর্মী বা কোনো নির্দিষ্ট পক্ষের পাশাপাশি নিরীহ মানুষও প্রাণ হারান বা আহত হন। গত দেড় দশকে রাজনৈতিক সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের বিভিন্ন ঘটনায় সাধারণ মানুষকে চরম মূল্য দিতে হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে দেশবাসী নিশ্চয়ই এমন কোনো পরিস্থিতিতে ফিরে যেতে চায় না, যেখানে রাজনৈতিক বিরোধের জেরে মানুষের জীবন ও সম্পদ অনিরাপদ হয়ে পড়ে। তাই সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলোকে কোনো রাজনৈতিক কৌশল হিসেবে গ্রহণ না করে আইন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই বিরোধ নিষ্পত্তির পথ খুঁজে নেওয়া প্রয়োজন।
দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে নাশকতা বা ষড়যন্ত্রের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার যে কোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দেশের ভেতর কিংবা বাইরে থেকে কোনো ধরনের ষড়যন্ত্র জনগণের ঐক্য ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে উল্লেখ করেছেন। জাতীয় স্বার্থে সব পক্ষকে একসঙ্গে কাজ করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে নাশকতা, সহিংসতা ও জননিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ অবস্থান প্রয়োজন।
রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ নাগরিক- সবার দায়িত্বশীল ভূমিকা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। বাংলাদেশের মানুষ সংঘাত নয়, শান্তি চায়। আগুন সন্ত্রাস নয়, নিরাপদ জীবন চায়। রাজনৈতিক প্রতিহিংসা নয়, গণতান্ত্রিক পরিবেশ ও অর্থনৈতিক স্থিতিশীলতা চায়। তাই যে কোনো ধরনের অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিকভাবে স্পষ্ট অবস্থান নেওয়া জরুরি।
অগ্নিসন্ত্রাসের কোনো রাজনৈতিক বৈধতা নেই। নাশকতা কোনো গণতান্ত্রিক আন্দোলনের ভাষা হতে পারে না। জনগণের জানমাল রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। সহিংসতার পথ পরিহার করে শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করার মধ্য দিয়েই দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব। আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে দেশের মানুষের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে। তাদের দাবি, শেখ হাসিনা আর দেশে ফিরবেন না। অথচ তার ফেরার আশায় তৃণমূলের নেতাকর্মীদের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে জড়ানো হচ্ছে।
পলাতক নেতাদের প্ররোচনায় নাশকতায় জড়ালে শেষ পর্যন্ত গ্রেফতার ও কারাবরণের শিকার হতে হচ্ছে তাদের তৃণমূলের কর্মীদের। তাই অর্থের বিনিময়ে সহিংসতা কিংবা নাশকতায় যুক্ত হয়ে নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করাটা নিতান্তই বোকামি ছাড়া আর কিছুই নয়। নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটিয়ে বিপুলসংখ্যক মানুষের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারের কোনো ক্ষতি করা যাবে না।
কিছুদিন আগে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচক্ষণতার সঙ্গে তা মোকাবিলা করেছে। বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা একটি নিষিদ্ধ দল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তারা যে গণহত্যা চালিয়েছে, তার বিচার হবে। আদালত থেকে সিদ্ধান্ত নেওয়া হবে, তারা রাজনীতি করতে পারবে কিনা। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ড জনগণকে দারুণভাবে বিক্ষুব্ধ করে তুলেছে। কিছুদিন ধরে তারা যা করছে, তার কোনো রাজনৈতিক ভিত্তি নেই। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতারা দেশের বাইরে থেকে নির্দেশনা দিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব করে কোনো লাভ হবে না। আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে দেশের জনগণের যে অবস্থান, সে অবস্থান জোরালোভাবে ধরে রাখতে হবে এবং এটাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।
বর্তমান বিএনপি সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে এবং তারা দেশ ও জনগণের কল্যাণে সর্বাত্মক চেষ্টা করছে। দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা করছে চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। তারা যে কোনো মূল্যে বর্তমান ক্ষমতাসীন সরকারকে হটিয়ে দেশে এক চরম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির অশুভ চক্রান্ত বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে উঠেছে। দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। কারণ, তারা দেশের মধ্যে নৈরাজ্য, বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টি করতে গেলে বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি এবং তাদের পাশাপাশি সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী, এনসিপিসহ আওয়ামী লীগ বিরোধী গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি সর্বশক্তি দিয়ে প্রতিহত করতে মাঠে নামবে। তখন একটি গৃহযুদ্ধ পরিস্থিতি অনিবার্য হয়ে উঠবেই। আমরা বাংলাদেশকে তেমন একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারি না।
বাংলাদেশ পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। ১৮ কোটি জনগণের বিপরীতে পুলিশের সংখ্যা নিতান্তই কম। পুলিশ সদস্যদের একার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর। এ কারণে রাজনৈতিকভাবেও পরিস্থিতি মোকাবিলা করতে হবে। গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে সর্বশক্তি দিয়ে মাঠে নামতে হবে। নিজ নিজ এলাকায় নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে নাশকতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে চলমান প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বক্তব্যের প্রেক্ষাপটে সরকারের সামনে তিনটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে- প্রথমত: গুজব ও অপতথ্য মোকাবেলায় নির্ভরযোগ্য তথ্য দ্রুত ও স্বচ্ছভাবে প্রকাশ করা; দ্বিতীয়ত: সম্ভাব্য সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে আগাম ও পেশাদার নিরাপত্তাব্যবস্থা নেওয়া, যা যেন কোনোভাবেই রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বিচার হয়রানির অজুহাত না হয়; তৃতীয়ত: শেখ হাসিনার প্রত্যর্পণ ও দেশে ফেরার বিষয়টি রাজনৈতিক বক্তৃতার পরিবর্তে কঠোরভাবে আইনি ও কূটনৈতিক কাঠামোর মধ্যে পরিচালনা করা। রাজনৈতিক প্রত্যাবর্তনের ঘোষণা মানেই বাস্তব প্রত্যাবর্তনের নিশ্চয়তা নয়।
আবার নিরাপত্তাঝুঁকির আশঙ্কা থাকলেই তা পরিকল্পিত নাশকতার চূড়ান্ত প্রমাণ হয়ে যায় না। সামগ্রিক পরিস্থিতির পরিণতি নির্ভর করবে মূলত ভারতের প্রত্যর্পণসংক্রান্ত সিদ্ধান্ত, বাংলাদেশের বিচারিক প্রক্রিয়ার অগ্রগতি এবং বিদেশে অবস্থানরত নেতাদের বাস্তব পদক্ষেপের ওপর। বন্দিবিনিময়ের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির কার্যক্রম শুরু হয়েছে। গণহত্যার আসামি হিসেবে তাকে বাংলাদেশে ফেরত চাওয়া হচ্ছে। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আওয়ামী লীগের পলাতক ও আত্মগোপনে থাকা নেতাকর্মীদের ধারাবাহিক বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ঘোষণা এবং কলকাতায় দলটির নেতাদের তৎপরতা নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীরাও দেশে ফেরার অঙ্গীকার করছেন। তাদের বক্তব্যে কখনো ডিসেম্বর, কখনো নির্দিষ্ট কোনো দিনকে প্রত্যাবর্তনের সম্ভাব্য সময় হিসেবে তুলে ধরা হচ্ছে। এমনকি শেখ হাসিনাকে বহনকারী বিমান দেশে অবতরণ করবে- এমন প্রচারণাও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। তবে, এসব ঘোষণার বাস্তব ভিত্তি কতটুকু, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারত সরকারের অবস্থান কী এবং তার ফেরা ঘিরে নেতাকর্মীদের তৎপরতা কতটা সাংগঠনিক- এসব প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর এখনো স্পষ্ট নয়।
দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে তার নামে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের অনুরোধ পাঠানোর ঘটনা সামনে আসার পর বিষয়টি আরো আলোচনায় এসেছে। হাইকমিশন অবশ্য জানিয়েছে, শেখ হাসিনা নিজে আবেদন করেননি; যুক্তরাজ্যভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো ই-মেইলে তার অনুমোদনের প্রমাণও ছিল না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান হলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়টি ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় বিবেচ্য। ফলে, পাসপোর্ট বা এনআইডি পাওয়ার প্রশ্নের সাথে তার বিরুদ্ধে থাকা বিচারিক সিদ্ধান্ত ও প্রত্যর্পণ প্রক্রিয়ার সম্পর্ক আলাদাভাবে বিবেচনা করতে হবে।
লেখক : কথাসাহিত্যিক ও কলামিস্ট


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








