পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যক্রমে বর্জ্য ব্যবস্থাপনাকে অবিচ্ছেদ্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রচেষ্টায় বর্জ্য ব্যবস্থাপনা ও সম্পদের পুনঃব্যবহারকে মূলধারায় নিয়ে আসতে হবে।
শুক্রবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ৩১তম কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ-৩১)-এর ব্লু জোনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘প্রবৃদ্ধি কি বর্জ্য উৎপাদনকে ছাড়িয়ে যেতে পারে?’ শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মিন্টু বলেন, বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতি শুধু পরিবেশ সংরক্ষণের বিষয় নয়; বরং জলবায়ু সহনশীলতা জোরদার, জনস্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ মাধ্যম।
এ খাতে কার্যকর পরিবর্তন আনতে আন্তর্জাতিক অর্থায়ন, আধুনিক প্রযুক্তি এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন বলে তিনি গুরুত্বারোপ করেন।
পরিবেশমন্ত্রী বলেন, বিশ্বে প্রতিবছর ১০০ বিলিয়ন টনের বেশি উপকরণ ও সম্পদ ব্যবহার করা হলেও এর ১০ শতাংশেরও কম পুনরায় ব্যবহারের আওতায় আসে।
উৎপাদন ও ভোগের ধরনে এ বিশাল ব্যবধান পরিবেশের ওপর ক্রমবর্ধমান চাপ সৃষ্টি করছে এবং মূল্যবান সম্পদের অপচয় ঘটাচ্ছে।
তিনি বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বৃত্তাকার অর্থনীতি গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে।
মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম। বন্যার সময় পানি নিষ্কাশনব্যবস্থা ও বর্জ্য অপসারণ কেন্দ্রগুলো প্রথম দিকেই ক্ষতিগ্রস্ত হয়। এর সরাসরি প্রভাব পড়ে জনস্বাস্থ্য, পরিবেশ ও মানুষের জীবিকার ওপর।
তাই বাংলাদেশের জন্য বর্জ্য ব্যবস্থাপনা কোনো পৃথক কর্মসূচি নয়, বরং জলবায়ু অভিযোজন ও সহনশীলতা বৃদ্ধির অপরিহার্য অংশ।
মন্ত্রী জানান, বর্জ্য হ্রাস, পুনঃব্যবহার এবং তা উৎসাহিত করতে বাংলাদেশ ইতোমধ্যে ‘ত্রি-আর’ (রিডিউস, রিইউজ ও রিসাইকেল) কৌশল এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা প্রণয়ন করেছে।
প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বর্ধিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) কাঠামো তৈরি করা হয়েছে। ব্যবহৃত লেড-অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা প্রণয়নের কাজ চলছে।
তিনি আরও জানান, পরিবেশ অধিদপ্তর জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) সহযোগিতায় সিরাজগঞ্জে চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি কেন্দ্রীয় শোধনাগার স্থাপন করেছে।
এ উদ্যোগ পরিবেশসম্মত ও অর্থনৈতিকভাবে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার সম্ভাবনা তুলে ধরেছে উল্লেখ করে তিনি বলেন, সরকার ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিচ্ছে।
পরিবেশমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে ভবিষ্যতের জন্য বৃত্তাকার অর্থনীতিভিত্তিক উন্নয়ন মডেল গ্রহণের অঙ্গীকার রয়েছে।
এ লক্ষ্যে কঠিন বর্জ্য, চিকিৎসাবর্জ্য, বস্ত্রবর্জ্য ও ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, পুনর্ব্যবহারযোগ্য উপকরণ পৃথকীকরণ ও পুনরুদ্ধারে সারা দেশে ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি (এমআরএফ) স্থাপন এবং প্রতিটি প্রশাসনিক বিভাগে একটি করে ই-বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
মিন্টু বলেন, বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনার অবকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে জলবায়ু সহনশীলতাকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, বন্যা, ঘূর্ণিঝড় ও অন্যান্য জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় সক্ষম অবকাঠামো অপরিহার্য। বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায় এমন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রকে টেকসই বা জলবায়ু সহনশীল অবকাঠামো বলা যায় না।
প্লাস্টিক দূষণ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা প্রসঙ্গে মন্ত্রী জানান, গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের (জিপিএপি) সঙ্গে সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশে ন্যাশনাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ (এনপিএপি) বাস্তবায়িত হচ্ছে।
তিনি বলেন, এ অংশীদারত্বের প্রাথমিক লক্ষ্য ছিল প্লাস্টিক বর্জ্যের প্রাথমিক পরিস্থিতি মূল্যায়ন এবং একটি কর্মপরিকল্পনা প্রণয়ন। তবে সরকার এখন আরও বিস্তৃত ও সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়টি বিবেচনা করছে।
এ লক্ষ্যে সরকার, শিল্প খাত ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সরকারি-বেসরকারি স্টিয়ারিং গ্রুপ গঠনের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, এ ব্যবস্থা প্লাস্টিক দূষণ রোধে বিভিন্ন উদ্যোগের মধ্যে সমন্বয় সাধন, একই ধরনের কাজের পুনরাবৃত্তি এড়ানো এবং বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো প্রাথমিক পর্যায়েই চিহ্নিত ও সমাধানে সহায়তা করবে।
মন্ত্রী বলেন, প্লাস্টিক দূষণ মোকাবিলায় আন্তর্জাতিক চুক্তি নিয়ে চলমান আলোচনায় পণ্যের তালিকা এবং উদ্বেগজনক রাসায়নিক উপাদানের বিষয়গুলো ক্রমেই গুরুত্ব পাচ্ছে।
ভবিষ্যতের বৈশ্বিক সিদ্ধান্তের জন্য প্রস্তুতি হিসেবে সম্পদের দক্ষ ব্যবহার, পরিচ্ছন্ন উৎপাদন এবং পরিবেশবান্ধব পণ্যের তালিকায় বিনিয়োগ বাড়াতে হবে। বাংলাদেশের প্লাস্টিক শিল্পনীতিও এ দিকেই এগোচ্ছে বলে তিনি জানান।
বর্জ্য ব্যবস্থাপনা খাতে আন্তর্জাতিক অর্থায়নের গুরুত্ব তুলে ধরে পরিবেশমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ সহায়তায় বিশ্বব্যাপী যেমন ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড গঠন করা হয়েছে, তেমনি বর্জ্য ব্যবস্থাপনার জন্যও একটি পৃথক আন্তর্জাতিক বিনিয়োগ প্ল্যাটফর্ম গড়ে তোলা প্রয়োজন।
তিনি বলেন, এ ধরনের ব্যবস্থায় প্রথমে বর্জ্য উৎপাদন প্রতিরোধ এবং এরপর সম্পদ পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিতে হবে।
টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা বাস্তবায়ন এবং বৃত্তাকার অর্থনীতির অগ্রগতির জন্য বাংলাদেশের কারিগরি সহায়তা, অর্থায়ন ও কার্যকর আন্তর্জাতিক অংশীদারত্ব প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত এ উচ্চপর্যায়ের আলোচনায় বৃত্তাকার অর্থনীতির মাধ্যমে শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি, সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য হ্রাস, পরিবেশবান্ধব কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সার্কুলার ইকোনমি ট্রান্সফরমেশন অ্যান্ড গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের পরিচালক ক্লেমেন্স স্মিড আলোচনা সঞ্চালনা করেন।
এতে জার্মানির পরিবেশ, জলবায়ু কার্যক্রম, প্রকৃতি সংরক্ষণ ও পারমাণবিক নিরাপত্তা বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. হাইকে হেনসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








