পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের নতুন ভবনের চারতলা থেকে পড়ে মো. জসিম (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। পঞ্চম তলার নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে ভবনের চারপাশে সেফটি নেট স্থাপনের জন্য লোহার অ্যাঙ্গেল ঝালাই করার সময় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলা পরিষদের নতুন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম পাশের কাউখালী উপজেলার বাসিন্দা মো. ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নেছারাবাদ উপজেলা পরিষদের নতুন চারতলা ভবনের পঞ্চম তলা নির্মাণের কাজ পেয়েছে পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কে কে এন্টারপ্রাইজ। নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে ভবনের চারতলার চারপাশে সেফটি নেট স্থাপনের জন্য লোহার অ্যাঙ্গেল ঝালাইয়ের কাজ চলছিল।
শুক্রবার রাতে ভবনের পূর্ব পাশে টিনের শেডের ওপর বসে পাশের লোহার অ্যাঙ্গেলে ঝালাইয়ের কাজ করছিলেন জসিম। এ সময় টিনের শেড ভেঙে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাজের প্রতিনিধিত্বকারী মো. শামীম বলেন, এটি সম্পূর্ণ দুর্ঘটনা। নিহতের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। পরিবার যেভাবে চাইবে, সেভাবেই সহযোগিতা করা হবে।
নেছারাবাদ উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রাইসুল ইসলাম বলেন, ভবনটির পঞ্চম তলা নির্মাণের কাজ পেয়েছে পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান কে কে এন্টারপ্রাইজ। শুক্রবার রাতে সেফটি নেটের অ্যাঙ্গেল ঝালাই করতে গিয়ে ওই শ্রমিক ওপর থেকে নিচে পড়ে মারা যান। তিনি বলেন, সেফটি বেল্ট পরে কাজ করলে হয়তো এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাহিন আহমেদ বলেন, রাতে ওই শ্রমিককে হাসপাতালে আনার সময় তাঁর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। অস্থিরতাসহ তাঁর শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন ছিল। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বরিশালে পাঠানো হয়।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ বলেন, পঞ্চম তলার নির্মাণকাজের প্রস্তুতি হিসেবে ভবনের চারপাশে সেফটি নেট তৈরির কাজ চলছিল। টিনের শেডের ওপর বসে অ্যাঙ্গেল ঝালাই করার সময় ওই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যুর খবর তিনি জানতে পেরেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








