জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক হাসিবুলের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এনসিপি।
শনিবার (১৪ নভেম্বর) পিরোজপুর শহরের শহীদ মিনার চত্বরে জেলা এনসিপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ এবং ছাত্রশক্তির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
এনসিপির পিরোজপুর পৌর শাখার আহ্বায়ক মাহাবুবুল আলম নাঈমের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন জেলা এনসিপির সদস্যসচিব মইনুল আহসান মুন্না, যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ কামাল হোসেন এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ফাহাদ সিকদার অপি।
এ সময় এনসিপির জেলা পর্যায়ের নেতারা এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








