জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর আলোচনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও কঠিন বিষয়ে এখনো মতভেদ রয়েছে বলে জানিয়েছেন নরওয়ের জলবায়ু ও পরিবেশমন্ত্রী সিগরুন আসল্যান্ড। কার্বন নিঃসরণ কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জ্বালানি খাতে রূপান্তরের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের এক মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে সিগরুন আসল্যান্ড এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অনেক বড়, কঠিন ও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এর মধ্যে রয়েছে বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত, তাপমাত্রা বৃদ্ধির নির্ধারিত সীমা ছাড়িয়ে যাওয়ার ঝুঁকি নিয়ন্ত্রণ, বিদ্যুতায়ন, দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং ন্যায়সংগত জ্বালানি রূপান্তর।’
সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুতায়ন ও জ্বালানি খাতের রূপান্তর নিয়ে ইতিবাচক বক্তব্য থাকবে বলে আশা প্রকাশ করেন আসল্যান্ড। একই সঙ্গে কার্বন নিঃসরণ কমানোর জরুরি প্রয়োজনীয়তা, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির সীমা ছাড়িয়ে যাওয়ার ঝুঁকি কমানো, অংশগ্রহণমূলক প্রক্রিয়া এবং জলবায়ুবিষয়ক সিদ্ধান্তে বিজ্ঞানের গুরুত্ব স্বীকার করার বিষয়গুলোও চূড়ান্ত ঘোষণায় রাখার প্রত্যাশা করেন তিনি।
নরওয়ের এই মন্ত্রী বলেন, ‘আমাদের অনেক কিছু করতে হবে। কারণ, কার্বন নিঃসরণ কমানো এখন অত্যন্ত জরুরি। এ জন্য এখনই বিদ্যুতায়নের বিষয়ে জোরালোভাবে কাজ করতে হবে। তুরস্ক বিষয়টিকে সম্মেলনের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে।’
এ ছাড়া দ্বিতীয় বৈশ্বিক অগ্রগতি পর্যালোচনা (জিএসটি২) প্রক্রিয়া শুরু করার ওপর গুরুত্ব দেন আসল্যান্ড। জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তসরকার প্যানেলের (আইপিসিসি) কাজ পরিচালনার জন্য পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
আসল্যান্ড বলেন, প্যারিস জলবায়ু চুক্তির আওতায় পরিচালিত সব গুরুত্বপূর্ণ কার্যক্রমে ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে দ্বিতীয় বৈশ্বিক অগ্রগতি পর্যালোচনা শুরু এবং আইপিসিসির কাজের জন্য প্রয়োজনীয় বাজেট নিশ্চিত করা জরুরি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








