তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে ইরানি হামলার খবরকে নাকচ করে দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘ইরানের ভূখণ্ড থেকে কোনো আক্রমণ শুরু করা হয়নি’।
সোমবার (৯ মার্চ) তেহরানে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন।
ইসমাইল বাঘাই ইঙ্গিত দিয়ে বলেন, হামলার অভিযোগ ‘সাজানো’ হতে পারে।
তিনি বলেন, ‘আমরা বারবার সতর্ক করেছি যে শত্রুপক্ষ আমাদের এবং অন্যান্য দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করতে কিছু হামলার কাহিনি সাজিয়ে থাকতে পারে। যুক্তরাষ্ট্র ইরানকে ভাগ করার চেষ্টা করছে। এর পেছনে তাদের উদ্দেশ্য তেল সম্পদ দখল করা।’
বাঘাই বলেন, আমরাই এই যুদ্ধ শুরু করিনি বা উসকানি দেইনি। এটি কোনো পছন্দের যুদ্ধ নয়। এটি আমাদের ওপর চাপিয়ে দেওয়া একটি প্রয়োজনের যুদ্ধ।
সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ইরান অন্য দেশগুলোর সঙ্গে ভালো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু কারও ভূখণ্ড ব্যবহার করে যদি হামলা চালানো হয়, তাহলে ইরানের আত্মরক্ষার অধিকার আছে। এই প্রতিরক্ষা কার্যক্রমকে শত্রুতা হিসেব ধরা যাবে না।
সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতার প্রচেষ্টা সম্পর্কে তিনি বলেন, আপাতত এ ধরনের বিষয়ে আলোচনা ‘প্রাসঙ্গিক নয়’। এই মুহূর্তেও সামরিক সংঘর্ষ চলমান রয়েছে। এই নির্দিষ্ট সময়ে আমাদের মাতৃভূমি রক্ষার বিষয় ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কথা বলা প্রাসঙ্গিক নয়।
সূত্র: আল-জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









