ভারতের বিহার রাজ্যে একটি মন্দিরে পূজা দিতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
মঙ্গলবার (৩১ মার্চ) বিহারের নালন্দায় শীতলা মন্দিরে ভিড়ের চাপে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রের বরাতে ভারতের গণমাধ্যম জানিয়েছে, প্রতি মঙ্গলবার কয়েকশো হিন্দু নালন্দার শীতলা মন্দিরে পূজা দিতে যান। আজ মন্দিরে খুবই ভিড় হয়েছিল। লাইনে দাঁড়িয়ে থাকা পূজা প্রত্যাশীদের মধ্যে হঠাৎ হুড়োহুড়ি পড়ে যায়। এরপরই পদপিষ্টের ঘটনা ঘটে।
এদিকে পদদলিত হয়ে যাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সম্রাট চৌধরী। দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি।
এছাড়া বিহার সরকারের পক্ষে নিহতদের পরিবারের জন্য মোট ৬ লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে ৪ লাখ টাকা এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা দেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









