রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর ‘বিনা উসকানিতে একপাক্ষিক ও আগ্রাসী হামলা’ চালিয়েছে। এ যুদ্ধে দেশ দুটি ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে।
স্পুতনিক রেডিওকে আজ বুধবার মারিয়া বলেন, ‘আমাদের দেশ একেবারে শুরু থেকে, প্রথম বিবৃতিতেই বলেছিল, এ আগ্রাসন অবিলম্বে বন্ধ করা দরকার। এ পরিস্থিতির কোনো সামরিক সমাধান নেই।’
বুধবার (৮ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিশেষ ঘোষণায় দাবি করা হয়, যুক্তরাষ্ট্র একটি ‘ঐতিহাসিক এবং শোচনীয় পরাজয়’ বরণ করেছে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের বড় বিজয় হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের শর্ত মেনেই শত্রুতা অবসানে সম্মত হয়েছেন।
হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (৮ এপ্রিল) গ্রিনিচ মান সময় রাত ১২টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলেন।
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি না খুললে ইরানের বেসামরিক অবকাঠামোতে বিধ্বংসী হামলা চালানো হবে। সেই সময়সীমা শেষ হওয়ার মাত্র দুই ঘণ্টা আগেই দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির ঘোষণা আসে।
ইরানের পক্ষ থেকে বিজয় দাবি করা হলেও ওয়াশিংটন একে দেখছে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিতে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, "আসল সত্য হলো প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমাদের শক্তিশালী সামরিক বাহিনী ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে বাধ্য করেছে। এটিই আমাদের সফলতা এবং আগামীতে আলোচনা অব্যাহত থাকবে।"


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









