ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার জগত থেকে এবার রাজনীতির ‘বৃহত্তর ময়দানে’ পা রাখতে চলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তার স্বামী ও বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক-অভিনেতা অনন্ত জলিল জানান, বর্ষা এখন জনসেবার ব্রত নিয়ে সরাসরি রাজনীতিতে সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে অনন্ত জলিল বর্ষার মানবিক দিকটি তুলে ধরে বলেন,‘বর্ষা স্কুল ব্যাগে করে টাকা নিয়ে নিজ হাতে মানুষের মাঝে বিলিয়ে দেয়। তার ভেতরে দেশসেবা করার এক অদম্য ইচ্ছা আছে। আমরা কোনোদিন সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না, কিন্তু দেশসেবার স্বার্থে কোনো না কোনো রাজনৈতিক দল তো বেছে নিতেই হয়।’
রাজনীতিতে নামার ঘোষণা দিলেও আদর্শিক জায়গায় ছাড় দিতে নারাজ এই দম্পতি।
সৎ রাজনীতির উদাহরণ টানতে গিয়ে অনন্ত জলিল এ সময় হাসনাত আব্দুল্লাহর কথা উল্লেখ করে বোঝাতে চেয়ে জানান, এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর কথাগুলো দেখুন, তিনি একদম সরাসরি সত্য কথাগুলো বলেন। সবার সামনে স্পষ্ট করে বলেন যে, কেউ চাঁদা তুলতে পারবে না, অন্যায় করতে পারবে না। সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়!
সৎ থাকলে তাকে দেশ থেকে বিতাড়িত হতে হয় না জানিয়ে অনন্ত জলিল বলেন, “আমি যদি সৎ থাকি তবে জনগণ তা জানবে। এই ধরনের নেতৃত্ব দিলে আমার মনে হয় না জনগণ তাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। আমি যদি সৎ মানুষ হই, তবে আমাকে কেন তাড়াবে? এটাই হলো আমার মূল বক্তব্য।”
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে অনন্ত জলিল প্রকাশ্যেই জানিয়েছিলেন যে, তিনি বর্ষাকে একজন বলিষ্ঠ 'নেত্রী' হিসেবে দেখতে চান।
বর্ষাও তখন সায় দিয়ে বলেছিলেন, মানুষের সেবা করতে তার ভালো লাগে। সরকারের সহযোগিতায় এমন মহৎ কাজ বিশাল পরিসরে করার ইচ্ছা রয়েছে তার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









