মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনার মাধ্যমে আগামী বুধবারের মধ্যে যদি কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হয়, তবে তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আর নাও বাড়াতে পারেন।
সিএনএন লিখেছে, তার এই মন্তব্য ফের সামরিক অভিযানের সম্ভাবনাকে বাড়িয়ে তুলেছে।
শুক্রবার ইরানি সূত্রগুলো সিএনএনকে জানিয়েছে, আগামী সোমবার মার্কিন ও ইরানি প্রতিনিধি দল দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসবেন বলে আশা করা হচ্ছে।
মার্কিন কর্মকর্তারা আলোচনার দিনক্ষণ এখনও না জানালেও ট্রাম্প এর আগে বলেছিলেন, উভয় পক্ষই একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে।
ট্রাম্প বলেন, ‘আমি সম্ভবত এই যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াব না। ইরানের বন্দরগুলোর ওপর আমাদের অবরোধ কঠোরভাবে বজায় থাকবে। যদি বুধবারের মধ্যে কোনো সম্মানজনক সমাধান না আসে, তবে দুর্ভাগ্যবশত আমাদের আবারও বোমাবর্ষণ শুরু করতে হবে।’
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যার মেয়াদ আগামী বুধবার শেষ হওয়ার কথা। এই সময়ের মধ্যে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে দুই দেশ মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনায় যুক্ত রয়েছে।
এর আগে পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠক হলেও তা কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়। পরে হোয়াইট হাউস থেকে চুক্তির বিষয়ে আশাবাদ প্রকাশ করা হলেও ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য সেই আশায় অনিশ্চয়তা তৈরি করেছে।
বিশ্লেষকদের মতে, সময়সীমা নির্ধারণের মাধ্যমে ইরানের ওপর চাপ বাড়ানোর কৌশল গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র। তবে নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান ও রয়টার্স।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









