মেয়াদ তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা আসার একদিন পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতিকে অর্থহীন আখ্যা দিল রাজনৈতিক-সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ।
এদিকে শুক্রবার লেবাননের কর্তৃপক্ষ ইসরায়েলি হামলায় দুইজন নিহতের কথাও নিশ্চিত করেছে। এদিন হিজবুল্লাহ একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিতও করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
হোয়াইট হাউসে ইসরায়েল ও লেবাননের দুই রাষ্ট্রদূতকে নিয়ে বৈঠক করার পর বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন।
চলতি মাসের মাঝামাঝি যুদ্ধবিরতির ঘোষণা আসার পর লেবাননে সহিংসতার পরিমাণ অনেকখানি কমলেও দক্ষিণ লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহ’র মধ্যে লড়াই থামেনি। ইসরায়েল সেখানে স্বঘোষিত এক ‘বাফার জোনে’ তার সেনাদের রেখেছে।
যুদ্ধবিরতির মেয়াদবৃদ্ধির ঘোষণার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ’র সাংসদ আলি ফায়াদ বলেছেন এই যুদ্ধবিরতি অর্থহীন। প্রতিটি ইসরায়েলি হামলা, প্রতিরোধ অক্ষকে যথাযথ জবাব দেওয়ার অধিকার দিচ্ছে।
হিজবুল্লাহ এ যুদ্ধবিরতি চুক্তির অংশ নয়। তারা ইসরায়েলের সঙ্গে লেবাননের মুখোমুখি বসা ও সরাসরি যোগাযোগেরও বিরোধী।
এপ্রিলের ১৬ তারিখ হওয়া প্রথম ১০ দিনের যুদ্ধবিরতিতেও ইসরায়েলি সেনাদেরকে যুদ্ধে তাদের দখল করা দক্ষিণ লেবাননের এলাকা থেকে চলে যাওয়ার শর্ত দেওয়া হয়নি।
ইসরায়েল বলছে, তাদের এই ‘বাফার জোনের’ লক্ষ্যই হচ্ছে উত্তর ইসরায়েলকে হিজবুল্লাহ’র হামলা থেকে রক্ষা করা।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা শুরুর পর হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে শত শত রকেট ছুড়েছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধে হিজবুল্লাহ ঢুকে পড়ার পর ইসরায়েলের অভিযানের অন্যতম প্রধান লক্ষ্যে পরিণত হয় লেবানন। ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় প্রায় আড়াই হাজার মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
তারাই শুক্রবার দক্ষিণাঞ্চলের তুলিন গ্রামে ইসরায়েলি বিমান হামলায় দুইজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
এদিন একটি ইসরায়েলি ড্রোনকে গুলি করে ভূপাতিত করার কথা জানিয়েছে হিজবুল্লাহ।
হিজবুল্লাহ বলছে, যে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে, সেটি হার্মিস ৪৫০। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে সেটিকে মাটিতে নামানো হয়েছে।
শুক্রবার সারাদিনজুড়ে বৈরুতের একটি ইসরায়েলি ড্রোনের চক্কর মারার শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন রয়টার্সের এক সাংবাদিক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









