চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এতে ওই আসনের ভোটাররা আবারও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে পারেন।
মঙ্গলবার (৩০ জুন) চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর শপথের বিষয়ে আপিল বিভাগের রায় ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এর আগে একই দিন ঋণখেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে রায় দেন আপিল বিভাগ। ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন।
আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ ওঠার পর জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন আপিল শুনানির শেষ দিনে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল। পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করা হলে হাইকোর্ট তার প্রার্থিতা বহাল রাখেন।
পরবর্তীতে একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সেই আবেদন গ্রহণ করেন।
তখন আদালত নির্দেশ দেন, আসলাম চৌধুরী নির্বাচনে জয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম-৪ আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না।
সর্বশেষ আপিল বিভাগের রায়ে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হওয়ায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ হারিয়েছেন। এ রায়ের পর অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে আসনটিতে পুনর্নির্বাচনের সম্ভাবনার বিষয়টি সামনে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









