দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনি বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেন। ফলে দীর্ঘদিন ধরে শূন্য থাকা এসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করার পথ খুলে গেল।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
তিনি জানান, ২০১৩ সালে সরকার ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অধিগ্রহণ করে। ওই সময় করা আইনে অধিগ্রহণকৃত বিদ্যালয়ের শিক্ষকরা সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন, যদিও আগে কেউ কেউ প্রধান শিক্ষক ছিলেন। আইন অনুযায়ী তাদের সিনিয়রিটি ও চাকরিকাল গণনায় কিছু বিধান নির্ধারণ করা হয়।
তিনি আরও বলেন, ওই বিধান নিয়ে অসন্তোষ থেকে সংশ্লিষ্টরা হাইকোর্টে রিট করেন। পরে হাইকোর্ট ওই আইনটি বাতিল করেন। তবে সরকারের আপিলের পর আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে।
এর ফলে এখন প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের সুযোগ তৈরি হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। তার ভাষায়, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত অবসরের কারণে শূন্য হওয়া পদসহ সংখ্যাটি প্রায় ৩২ হাজারে পৌঁছেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









