জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) রাষ্ট্র সংলাপ ফোরামের পক্ষ থেকে জিডিটি করা হয়। পরে সাইবার-সংক্রান্ত বিষয় হওয়ায় তদন্তের জন্য এটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অনলাইনে জুলাই আন্দোলনকে অবমাননার অভিযোগে জিডি করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য ডিবির সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হয়েছে। তারা তদন্ত করছে।
জিডিটি করেন রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্যসচিব আনম আয়াস ও তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা।
জিডিতে উল্লেখ করা হয়, ১ হাজার ৪০০-এর বেশি নিহত এবং ৩০ হাজারের বেশি আহত মানুষের আত্মত্যাগের মাধ্যমে জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে সম্প্রতি কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে আন্দোলন ও এর স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, শান্তা ফারজানা নামে এক ব্যক্তি জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন, যা শহীদদের স্মৃতির প্রতি অবমাননাকর এবং জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।
এ ছাড়া, অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও বার্তায় জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন এবং রাষ্ট্র ও আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু বক্তব্যে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ব্যক্তি ও সংগঠনগুলোকে কটাক্ষ করে তাদের অভিনয়ের সঙ্গে তুলনা করার অভিযোগ করা হয়েছে। জিডিতে দাবি করা হয়, এসব বক্তব্য আন্দোলনে অংশগ্রহণকারীদের হেয় করেছে।
জিডিতে অভিযোগগুলোর তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন পরবর্তীতে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। জুন–জুলাইয়ে সংঘটিত সেই আন্দোলনই বর্তমানে ‘জুলাই আন্দোলন’ নামে পরিচিত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









