চেক ডিজঅনারের এক মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এক হাজার টাকার মুচলেকায় তার জামিনের আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় গত ৭ মে সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এ মামলার অন্য আসামিরা এরই মধ্যে জামিনে রয়েছেন।
এর আগে গত ৯ জানুয়ারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের পক্ষে উজ্জ্বল মন্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষ থেকে ১১২ কোটি টাকার একটি চেক ইস্যু করা হয়। চেকটি ২০২৫ সালের ১৯ নভেম্বর এক্সিম ব্যাংকের হেড অফিস করপোরেট শাখায় জমা দিলে অপর্যাপ্ত তহবিলের কারণে তা ফেরত আসে।
পরে ২৬ নভেম্বর নিবন্ধিত ডাকযোগে আইনি নোটিশ পাঠিয়ে ৩০ দিনের মধ্যে অর্থ পরিশোধের অনুরোধ করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ করা হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









