কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সাবেক সেনাসদস্যের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা পিবিআইয়ের পরিদর্শক মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ পাওয়া দুই সাবেক সেনাসদস্য হলেন সিরাজগঞ্জের মেঘাই গ্রামের সোলায়মান হোসেনের ছেলে জাহিদুল ইসলাম এবং কুমিল্লার রাজাপাড়া লক্ষীনগর গ্রামের এম এ হান্নানের ছেলে ফয়সাল আহমেদ রাব্বী।
তদন্ত কর্মকর্তা জানান, গত ১৭ জুলাই কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক মুমিনুল হক তাদের ডিএনএ সংগ্রহের অনুমতি দেন। তদন্তের প্রয়োজনে পিবিআইয়ের পক্ষ থেকে আদালতে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে তনু হত্যা মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল।
এদিকে, মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। জানা গেছে, শাহিন আলম বর্তমানে কুয়েতে অবস্থান করছেন। তবে জাহিদুজ্জামান কোন দেশে অবস্থান করছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি হাফিজুর রহমান।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরে রাতে সেনানিবাসের পাওয়ার হাউসের কাছের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









