রাজধানীর ডেমরায় এক কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের সদস্যদের মারধর, হামলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে ডেমরা থানায় মামলাটি দায়ের করেন। এর আগে ২০ জুলাই রাত ১০টার দিকে ডেমরার মাতুয়াইল নিউ টাউন আবাসিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
মামলার আসামিরা হলেন— সবুজ (২২), রাজু (৩৯), জসিম (৪২) এবং রুবি বেগম (৬৫)। সবুজ, রাজু ও জসিমের পিতা মৃত সালাম। রুবি বেগম তার স্ত্রী। আসামিদের সবার বাড়ি ঘটনাস্থলসংলগ্ন এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া-আসার পথে কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি কিশোরী তার মাকে জানালে তিনি সবুজের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করে তাকে সতর্ক করার অনুরোধ জানান। এরপর থেকেই অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারের প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে শুরু করে বলে অভিযোগ করা হয়েছে।
মামলায় আরও উল্লেখ করা হয়েছে, গত ৫ জুলাই দুপুরে বাদী বাড়িতে না থাকার সুযোগে সবুজ বাড়িতে প্রবেশ করে কিশোরীকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় কিশোরীর চিৎকার শুনে তার বাবা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।
পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা তা না করে ঘটনাটি এলাকায় প্রচার করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া গত ২০ জুলাই রাতে মীমাংসার কথা বলে ভুক্তভোগীর বাবা এবং বাড়ির মালিক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. গিয়াস উদ্দিন পাটওয়ারীকে ডেকে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ারও ভয়ভীতি দেখানো হয় বলে মামলায় উল্লেখ রয়েছে।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, ‘‘এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









