জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন ঢাবি উপাচার্য এএসএম মাকসুদ কামালসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
প্রতিবেদন যাচাই-বাছাই শেষে শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মামলার আসামিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক ড. জাফর ইকবাল, সাবেক বিচারপতি এবিএম নিজামুল হক মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম জামাল উদ্দিন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
প্রসিকিউশন সূত্র জানায়, ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলাটি নিয়ে দীর্ঘদিন তদন্ত কার্যক্রম চালানো হয়। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দেন।
বর্তমানে প্রতিবেদনটি পর্যালোচনা করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ আকারে এটি দাখিল করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









