কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান ওরফে তনু হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক হাফিজুর রহমানের জামিন স্থগিত করে এ আদেশ দেন। আদালত নির্দেশ দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তার করতে হবে।
এর আগে গত রোববার (২ আগস্ট) হাফিজুর রহমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পরে মঙ্গলবার সন্ধ্যায় তিনি কারাগার থেকে মুক্তি পান। তবে হাইকোর্টের এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
শুনানি শেষে চেম্বার আদালত হাফিজুর রহমানের জামিন আগামী রোববার (৯ আগস্ট) পর্যন্ত স্থগিত করেন এবং তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। একই সঙ্গে আত্মসমর্পণ না করলে আইনশৃঙ্খলা বাহিনীকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।
২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে খোঁজাখুঁজির পর সেনানিবাসের পাওয়ার হাউসের কাছে একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
ঘটনার পরদিন তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক (বর্তমানে অবসরপ্রাপ্ত) ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।
উল্লেখ্য, চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জের বাসভবন থেকে সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









