ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানের স্বীকৃতি হিসেবে জুলাই মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট ও কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে চলতি বছরের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেন ।
ডিএমপির অপরাধ বিভাগের মধ্যে জুলাই মাসের মূল্যায়নে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ থানার স্বীকৃতিও পেয়েছে মিরপুর থানা। উত্তরা-পশ্চিম থানা দ্বিতীয় এবং বাড্ডা থানা তৃতীয় হয়েছে।
সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেন। দ্বিতীয় হয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন।
শ্রেষ্ঠ এসআই হিসেবে প্রথম হয়েছেন পল্লবী থানার এসআই মো. সাইফুল ইসলাম। দ্বিতীয় হয়েছেন ভাটারা থানার এসআই দেবাশীষ মন্ডল এবং তৃতীয় হয়েছেন পল্টন মডেল থানার এসআই অমিত কুমার বিশ্বাস।
এএসআইদের মধ্যে যাত্রাবাড়ী থানার নাজমুল ইসলাম প্রথম এবং মোহাম্মদপুর থানার নাদের আলী দ্বিতীয় হয়েছেন।
ডিএমপির গোয়েন্দা বিভাগের মধ্যে গোয়েন্দা-ওয়ারী বিভাগ শ্রেষ্ঠ হয়েছে এবং শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম।
ট্রাফিক বিভাগে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-ওয়ারী বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টদের মধ্যে মিরপুর-ট্রাফিক জোনের সার্জেন্ট মো. সামসুদ্দীন সরকার প্রথম হয়েছেন। যাত্রাবাড়ী-ট্রাফিক জোনের সার্জেন্ট মো. শাহরিয়ার খান দ্বিতীয় হয়েছেন।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন ইউনিটের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সব থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









