নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছানাউল্লাহ সরকার হত্যা মামলায় প্রধান আসামি আক্তার সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজমুন নাহার সুমি এ রায় দেন। একই সঙ্গে আক্তার সরকারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও কারাভোগের আদেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি মাকসুদা বেগম ও শামীমাকে খালাস দিয়েছেন আদালত।
রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ। যাবজ্জীবনপ্রাপ্ত আক্তার সরকার (৪৫) রূপগঞ্জ উপজেলার দিগুলিয়ারটেক এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল লতিফ সরকারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ অক্টোবর রাত ৮টার দিকে পারিবারিক বিরোধের জেরে ছানাউল্লাহ সরকারকে বাঁশের লাঠি ও টেঁটা দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন আসামিরা। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৩০ এপ্রিল পেনাল কোডের ১৪৩, ৩২৩, ৩২৫, ৩০৭ ও ৩০২ ধারায় তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।
দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত প্রধান আসামি আক্তার সরকারের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ প্রমাণিত বলে রায় দেন। পরে পেনাল কোডের ৩০২ ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও কারাভোগ করতে হবে।
অন্যদিকে, মামলার অভিযোগপত্রভুক্ত আসামি মাকসুদা বেগম ও শামীমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়।
কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ বলেন, ‘‘সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত প্রধান আসামি আক্তার সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। অপর দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









