প্লেব্যাক গানের জগৎ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ সিং। কিন্তু কয়েক মাস না যেতেই তাঁর কণ্ঠে নতুন গান—‘ইয়ে আওয়ারাপন’। গানটি মুক্তির পর তাই স্বাভাবিকভাবেই উঠেছে প্রশ্ন, তবে কি আবারও সিনেমার গানে ফিরছেন ভারতের অন্যতম জনপ্রিয় এই গায়ক?
বলিউডের আলোচিত ছবি ‘আওয়ারাপন ২’-এর নতুন গান ‘ইয়ে আওয়ারাপন’ মুক্তি পেয়েছে ২১ জুলাই। অমাল মালিকের সুরে গানটির কথা লিখেছেন রশ্মি বিরাগ। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং।
গানটি প্রকাশের পর অনেকেই এটিকে অরিজিতের ‘কামব্যাক’ হিসেবে দেখছেন। কারণ, ২০২৬ সালের শুরুতেই অরিজিৎ জানিয়েছিলেন, তিনি আর নতুন কোনো সিনেমার প্লেব্যাক গানের কাজ নেবেন না। নিজের সংগীত নিয়ে কাজ করতেই বেশি মনোযোগ দিতে চান তিনি।
তবে ‘ইয়ে আওয়ারাপন’ নিয়ে বিষয়টি একটু জটিল। গানটি প্রকাশের আগে সুরকার অমাল মালিক এক্সে এক শ্রোতার প্রশ্নের জবাব দিয়ে জানান, অরিজিৎ গানটি রেকর্ড করতে রাজি হয়েছেন মাত্র গত সপ্তাহে। এটি পুরোনো কোনো প্রতিশ্রুতির কাজ—এমন কথাও তিনি নাকচ করেন।
প্রকল্পটির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রও রোলিং স্টোন ইন্ডিয়া-কে জানিয়েছে, অরিজিৎ প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পরই গানটি রেকর্ড করেছেন।
তবে অরিজিতের ব্যবস্থাপনা দলের বক্তব্য ভিন্ন। দ্য প্রিন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, তার ম্যানেজমেন্ট জানিয়েছে, অরিজিৎ প্লেব্যাক গানে ফিরছেন না।

এদিকে গানটি শুনলে অরিজিতের চেনা আবেগময় কণ্ঠই পাওয়া যায়। বিষণ্নতার আবহে তৈরি গানটিতে আছে রক ব্যালাড ও পপ সংগীতের হালকা ছোঁয়া। গানের ভিডিওতে হৃদয়ভাঙা এক মানুষের চরিত্রে দেখা গেছে ইমরান হাশমিকে। সঙ্গে আছেন দিশা পাটানি।
নিতিন কাক্কারের পরিচালনায় রোমান্টিক এই ছবিটি প্রযোজনা করেছেন বিশাল ভাট। ‘আওয়ারাপন ২’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ১৪ আগস্ট ২০২৬। ২০০৭ সালের মোহিত সুরি পরিচালিত ‘আওয়ারাপন’-এর সিক্যুয়েল এটি। দুই ছবিই প্রযোজনা করেছে বিশেশ ফিল্মস।
২০২৬ সালের জানুয়ারিতে অরিজিৎ তার অনুসারীদের জানিয়েছিলেন, ‘প্লেব্যাক গায়ক হিসেবে আর নতুন কোনো কাজ নিচ্ছেন না।’ এরপর অবশ্য সিনেমার বাইরের সংগীতে তাঁকে পাওয়া গেছে। প্রজক্তা শুক্রে ও শেখর রবজিয়ানির সঙ্গে গান করেছেন তিনি।
অন্যদিকে আগে রেকর্ড করা তাঁর কিছু গানও শ্রোতাদের মধ্যে জনপ্রিয় হয়েছে। ‘ধুরন্ধর’ ছবির জন্য শাশ্বত সচদেবের সুরে এবং ইরশাদ কামিলের কথায় অরিজিতের গাওয়া ‘গেহরা হুয়া’ ও ‘ফির সে’ও পেয়েছে শ্রোতাদের ভালোবাসা। জুনে ‘ককটেল ২’-এর ‘তুঝকো’ গানেও প্রীতমের সুরে সুনিধি চৌহানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন অরিজিৎ।
তাই ‘ইয়ে আওয়ারাপন’ নতুন করে একটি প্রশ্নই সামনে এনেছে—অরিজিৎ কি সত্যিই প্লেব্যাক থেকে সরে গেছেন, নাকি তার কণ্ঠের জন্য সিনেমার দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি?


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









