বরিশালের উজিরপুর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠ দখলের অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর উপজেলার জল্লা ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সিরতাল্লুক শহীদ স্মরণিকা মাধ্যমিক বিদ্যালয় ও ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবুল হোসেন, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশেন চন্দ্র মণ্ডলসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবুল হোসেন অভিযোগ করে বলেন, ‘‘দীর্ঘদিন ধরে বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা যে মাঠে খেলাধুলা করে আসছে, সেখানে টয়লেট নির্মাণ ও চারপাশে বেড়া দিয়ে জোরপূর্বক দখলের পাঁয়তারা চালাচ্ছে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু মো. দেলোয়ার মল্লিক, মো. জিয়াউর রহমান মল্লিক, জাহাঙ্গীর মল্লিক ও মারুফ মল্লিক। কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ ফিরিয়ে দিতে এবং অচিরেই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘ভূমিদস্যুরা যদি অনতিবিলম্বে মাঠ দখলের চেষ্টা থেকে সরে না দাঁড়ায়, তবে আগামীতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’’
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১১ আগস্ট) সকালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে শহীদ স্মরণিকা ডিগ্রি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আচমকা বেড়া দিয়ে দখলের চেষ্টা চালায়। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা এগিয়ে এসে বাধা দিলে অভিযুক্তরা তাদেরকে গালাগাল করে এবং হত্যাসহ নানা ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়।
পরবর্তীতে নিজেদের ও প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা চেয়ে ঘটনার দিনই উজিরপুর মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবুল হোসেন।
এ ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে উজিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.বি.এম জাহিদ হোসেন বলেন, ‘‘শিক্ষা প্রতিষ্ঠানের জমি বা খেলার মাঠ দখল করার মতো দুঃসাহস যে-ই দেখাক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগের সত্যতা যাচাইয়ে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’’
অন্যদিকে, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। উক্ত জমি সংক্রান্ত বিষয়ে বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, স্থানীয় সচেতন মহল ও শিক্ষার্থীরা অচিরেই জবরদখলকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও কার্যকর হস্তক্ষেপের জোর দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









