চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে মামলার প্রকৃত রহস্য উদঘাটন, সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা সংক্রান্ত তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।
গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ১২ আগস্ট তার জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। পরে ২৫ আগস্ট দায়রা আদালতও তার জামিন আবেদন নাকচ করেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যু হয়। দীর্ঘ তদন্তের পর সিআইডি তার মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করেছিল। তবে পরবর্তী সময়ে পরিবারের পক্ষ থেকে করা রিভিশন মামলার পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
এরপর গত ২১ অক্টোবর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে। মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট দিন ধার্য রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









