বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে পরিচালিত ভুয়া ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় রিজভীর ব্যক্তিগত সহকারী মশিউর রহমান ধানমণ্ডি থানায় এ জিডি করেন।
শুক্রবার (২৮ আগস্ট) এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান তিনি।
জিডিতে বলা হয়েছে, রুহুল কবীর রিজভী আহমেদ ব্যক্তিগতভাবে কোনো ফেসবুক আইডি, প্রোফাইল বা পেজ পরিচালনা করেন না। ফলে তার নামে পরিচালিত কোনো অ্যাকাউন্ট থেকে প্রকাশিত বক্তব্য, মন্তব্য, ছবি বা ভিডিও তার অনুমোদিত নয়।
তবে সম্প্রতি তার নাম, ছবি, পরিচয় ও রাজনৈতিক পদবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি, প্রোফাইল ও পেজ পরিচালনার বিষয়টি নজরে এসেছে। এসব অ্যাকাউন্টের মধ্যে একটি আইডি ব্লু ভেরিফায়েড হওয়ায় সেটিকে রিজভীর প্রকৃত ও অনুমোদিত অ্যাকাউন্ট মনে করে সাধারণ মানুষের বিভ্রান্ত হওয়ার আশঙ্কার কথাও জিডিতে উল্লেখ করা হয়েছে।
জিডিতে আরও বলা হয়, এসব ভুয়া আইডি ও পেজ থেকে রুহুল কবীর রিজভীর নামে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, রাজনৈতিক মতামত, ছবি, ভিডিও, সংবাদ ও অন্যান্য কনটেন্ট প্রকাশ বা প্রচার করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালানোর আশঙ্কা রয়েছে।
এতে রিজভীর ব্যক্তিগত সুনাম, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি এবং রাজনৈতিকভাবে ভুল তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তার পরিচয় ও ব্যক্তিত্বের অপব্যবহার করে মিথ্যা বক্তব্য প্রচারের মাধ্যমে জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও জিডিতে অভিযোগ করা হয়েছে।
রিজভীর নামে পরিচালিত ভুয়া ফেসবুক আইডি ও প্রোফাইলের বিষয়ে এর আগেও পল্টন থানায় একাধিকবার সাধারণ ডায়েরি করা হয়েছিল বলে জিডিতে উল্লেখ করা হয়। বর্তমান পরিস্থিতিতে এসব অ্যাকাউন্ট ব্যবহার করে আরও গুরুতর অপপ্রচার, প্রতারণা, বিভ্রান্তিকর তথ্য প্রচার, মানহানিকর বক্তব্য, রাজনৈতিক উসকানি বা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ড ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
জিডিতে পুলিশকে ভুয়া আইডি ও পেজগুলোর বিষয়ে তদন্তের পাশাপাশি সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পোস্ট, ছবি, ভিডিও ও অন্যান্য ডিজিটাল প্রমাণ সংরক্ষণের অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে এসব অ্যাকাউন্টের প্রকৃত পরিচালনাকারীদের শনাক্ত করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে Facebook/Meta কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্টগুলোর তথ্য সংগ্রহ ও ভুয়া অ্যাকাউন্ট বন্ধ বা অপসারণে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
তদন্তে অপরাধের উপাদান পাওয়া গেলে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং প্রচলিত অন্যান্য প্রযোজ্য আইনের অধীনে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জিডিতে বলা হয়েছে।
একই সঙ্গে ভবিষ্যতে রিজভীর নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারণা, অপপ্রচার বা বিভ্রান্তিকর বক্তব্য প্রচার ঠেকাতে প্রয়োজনীয় আইনগত ও প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বিষয়টি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল উল্লেখ করে দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









