প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে করা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিয়েছেন বাদীপক্ষ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় রনি নারাজি আবেদন জমা দেন। পরে আদালত এ বিষয়ে শুনানির জন্য আগামী ২০ অক্টোবর দিন ধার্য করেন। ওইদিন বাদী ও তিন সাক্ষীকেও আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।
ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য সানায়ার কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নেন তিশা। অনুষ্ঠান শেষে শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বাদী।
শাড়ি ফেরত চেয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর তিশাকে ফেসবুক মেসেঞ্জারে বার্তা পাঠান সানায়া। এরপর তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনায় ২০২৫ সালের ১২ নভেম্বর গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।
তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদন দেয় পিবিআই। ওই প্রতিবেদনের বিরুদ্ধে এবার নারাজি আবেদন করলেন বাদীপক্ষ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









