বগুড়ার শিবগঞ্জে কানে কম শোনা (বধির) এক বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি। এতে প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন এবং ওই বৃদ্ধাও আঘাত পেয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী ঢাকা থেকে সরকারি সফরে তাঁর নিজ সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন। পথিমধ্যে মোকামতলা-জয়পুরহাট সড়কের গোপীনাথপুর এলাকা অতিক্রম করার সময় হঠাৎ এক বৃদ্ধা নারী রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। ওই নারী কানে বধির ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে প্রতিমন্ত্রীর বহনকারী গাড়িটি দুর্ঘটনার শিকার হয়। সৌভাগ্যবশত সে সময় গাড়িতে প্রতিমন্ত্রীর সহধর্মিণীও উপস্থিত ছিলেন।
দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি সুস্থ আছেন এবং নিজ বাড়িতে ফিরে গেছেন। অন্যদিকে, গাড়ির ধাক্কায় আহত হওয়া বৃদ্ধা নারীকে (ফিরোজা) উন্নত চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









